নামে-বেনামে ঋণ বিতরণ, পর্যাপ্ত জামানত না থাকা এবং ঋণ আদায়ের সীমিত সুযোগে গভীর সংকটে পড়েছে ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)। এসব প্রতিষ্ঠানে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল না থাকায় এবার সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে জরুরি ভিত্তিতে প্রায় ১ হাজার ৪৫০ কোটি টাকা প্রয়োজন। অর্থ বরাদ্দ না হলে দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরত পাওয়া নিয়ে গ্রাহকদের অনিশ্চয়তা আরও বাড়তে পারে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো এক চিঠিতে এ অর্থ চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একটি আমানত পরিশোধ কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এতে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়ার বিধান রাখা হয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ফেরতের হার কমবে।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গত ২৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৯টি সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটি ছাড়া বাকি চারটিকে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়ে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণের শর্ত দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজল্যুশনের আওতায় আসা চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে প্রয়োজন ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের জন্য ১ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ, প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য ১৯০ কোটি ১৩ লাখ, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি ৩৫ লাখ এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি ২৯ লাখ টাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন আভিভা ফাইন্যান্সের আমানতকারীদের জন্য। প্রতিষ্ঠানটির আমানত ফেরত দিতে লাগবে ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের পাওনা ৬৯১ কোটি ৮৬ লাখ টাকা।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের আমানতকারীদের জন্য প্রয়োজন ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের পাওনা ৩৮৭ কোটি ২৪ লাখ এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া এফএএস ফাইন্যান্সের জন্য ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা প্রয়োজন হবে।
অন্যদিকে বাকি পাঁচ প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে প্রয়োজন হবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের আমানতকারীদের পাওনা ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ অর্থ বরাদ্দের জন্য পৃথক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া তিন মাস সময় পাওয়া অপর চার প্রতিষ্ঠানের আমানত ফেরতে ভবিষ্যতে প্রয়োজন হতে পারে ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৬ কোটি ৭৪ লাখ, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৮ কোটি ৮২ লাখ, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৭ কোটি ৭২ লাখ এবং বিআইএফসির জন্য ৫১ কোটি ৮৭ লাখ টাকা প্রয়োজন হতে পারে।
এদিকে, সংকটের মূল কারণ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণে অনিয়মের কথা তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ঋণই নামে-বেনামে দেওয়া হয়েছে। এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানতও নেই। ফলে প্রতিষ্ঠানের সম্পদ বা কার্যালয় বিক্রি করে উল্লেখযোগ্য অর্থ আদায়ের সুযোগ সীমিত।
তিনি জানান, ঋণ আদায় ও প্রতিষ্ঠানের সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলবে। তবে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া জরুরি হওয়ায় আপাতত সরকারের কাছে পুরো অর্থ চাওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঋণ আদায় ও সম্পদ বিক্রি করে অর্থ পাওয়া গেলে তা সমন্বয় করা হবে।
সব মিলিয়ে অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ ও জামানতহীন অর্থায়নের দায় এখন আমানতকারীদের অর্থ ফেরতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারি অর্থ বরাদ্দের মাধ্যমে এই সংকট কতটা কাটানো যায়, সেটিই এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমানতকারীদের জন্য বড় প্রশ্ন।
























