ঢাকা   সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

দাবি পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ

আয় ছাড়িয়ে বিমা দাবি ও ব্যয়, ট্রাস্ট ইসলামী লাইফে ৩০ লাখ টাকার ঘাটতি; দাবি পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ৯ নভেম্বর ২০২৬

আয় ছাড়িয়ে বিমা দাবি ও ব্যয়, ট্রাস্ট ইসলামী লাইফে ৩০ লাখ টাকার ঘাটতি; দাবি পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ

বিমা দাবি পরিশোধ ও পরিচালন ব্যয় মেটাতে গিয়ে আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক চাপে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির আয়-ব্যয়ের হিসাবে ৩০ লাখ ২০ হাজার টাকা ঘাটতি তৈরি হয়েছে। অথচ আগের বছরের একই সময়ে ১ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত ছিল প্রতিষ্ঠানটির। এক বছরের ব্যবধানে উদ্বৃত্ত থেকে ঘাটতিতে চলে যাওয়ায় কোম্পানিটির আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে গ্রাহকদের বিমা দাবি পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় থেকে ব্যয় ও বিমা দাবি বাদ দেওয়ার পর ৬৫ লাখ ১০ হাজার টাকা ঘাটতি হয়েছে। আগের বছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে ঘাটতি বেড়েছে প্রায় ৯ গুণ।

এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির আয় থেকে ব্যয় ও বিমা দাবি বাদ দেওয়ার পর ১৫ লাখ টাকা উদ্বৃত্ত ছিল। আগের বছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪ লাখ ১০ হাজার টাকা।

তবে দ্বিতীয় প্রান্তিকে পরিস্থিতির অবনতি ঘটে। এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়ায় ১৯ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মোট উদ্বৃত্ত দাঁড়ায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা।

অর্থাৎ প্রথম ছয় মাসেই কোম্পানিটির উদ্বৃত্ত উল্লেখযোগ্যভাবে কমে যায়। আর তৃতীয় প্রান্তিকের বড় ঘাটতির কারণে নয় মাস শেষে সামগ্রিক হিসাবে ৩০ লাখ ২০ হাজার টাকা ঘাটতিতে পড়ে প্রতিষ্ঠানটি। বিপরীতে আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত।

এদিকে, আয়-ব্যয়ের হিসাবে অবনতি হলেও কোম্পানিটির জীবন বিমা তহবিলের স্থিতি বেড়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে এই তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৯ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ এক বছরে জীবন বিমা তহবিল বেড়েছে ৫ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা।

তবে জীবন বিমা তহবিলের স্থিতি বাড়লেও আয়-ব্যয়ের হিসাবে ঘাটতি তৈরি হওয়াকে স্বস্তিদায়ক মনে করছেন না বাজারসংশ্লিষ্টরা। কারণ আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান নেতিবাচক হয়ে পড়লে বিমা দাবি পরিশোধসহ ভবিষ্যৎ আর্থিক দায় মেটানোর ওপর চাপ তৈরি হতে পারে। ফলে কোম্পানিটির আর্থিক অবস্থার ধারাবাহিক অবনতি অব্যাহত থাকলে গ্রাহকদের বিমা দাবি সময়মতো পরিশোধের সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়তে পারে।

উল্লেখ্য, কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনিরীক্ষিত।