দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও শেয়ারবাজারের অস্থিরতায় আস্থা হারাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে অক্টোবর মাসে নিট ১৮১ কোটি টাকার বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে। বিশেষ করে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে বড় অঙ্কের শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা।
ডিএসইর হালনাগাদ তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা ২৮৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে কিনেছেন মাত্র ১০২ কোটি টাকার শেয়ার। এতে মাসটিতে তাদের মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। অর্থাৎ শেয়ার কেনার তুলনায় বিক্রি হয়েছে প্রায় তিন গুণ।
অক্টোবরে বিদেশিদের সবচেয়ে বেশি বিক্রির চাপে ছিল প্রাইম ব্যাংক। প্রতিষ্ঠানটি থেকে ৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এতে ব্যাংকটিতে তাদের শেয়ারধারণ ৫ দশমিক ১৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৬৯ শতাংশে নেমেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি থেকে ৪৭ কোটি টাকার শেয়ার বিক্রি করায় বিদেশিদের মালিকানা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশে। অন্যদিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ৪৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। এতে কোম্পানিটিতে তাদের শেয়ারধারণ কমে হয়েছে ১৩ দশমিক ৮৯ শতাংশ।
অর্থাৎ শুধু এই তিন কোম্পানি থেকেই বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে ১৪৩ কোটি টাকা। এছাড়া মারিকো বাংলাদেশ থেকে ৭ কোটি, রেনাটা থেকে ৪ কোটি এবং লাফার্জহোলসিম বাংলাদেশ থেকে ১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশিরা। পাশাপাশি ডেসকো, আইপিডিসি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্সসহ আরও কয়েকটি কোম্পানি থেকেও বিনিয়োগ কমিয়েছেন তারা।
তবে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের এই প্রবণতার মধ্যেও ব্যতিক্রম ছিল ব্র্যাক ব্যাংক। অক্টোবর মাসে ব্যাংকটিতে নতুন করে ১৩ কোটি ৬০ লাখ টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। এতে বিদেশিদের শেয়ারধারণ ৩২ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৪৪ শতাংশ হয়েছে।
এছাড়া বিকন ফার্মাসিউটিক্যালসে সাড়ে ৩ কোটি টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলসে ১৩ লাখ টাকার নতুন বিদেশি বিনিয়োগ এসেছে।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি পুনর্মূল্যায়ন করছেন। ফলে শেয়ারের দর আকর্ষণীয় পর্যায়ে থাকলেও নতুন বিনিয়োগে সতর্কতা দেখাচ্ছেন তারা।
সব মিলিয়ে অক্টোবরের বিদেশি বিনিয়োগের চিত্রে স্পষ্ট, অধিকাংশ কোম্পানি থেকে অর্থ প্রত্যাহার করলেও বাছাই করা কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ ধরে রাখছেন বিদেশিরা। এতে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকটের বিষয়টি আবারও সামনে এসেছে।
























