পণ্য বিক্রির তথ্য গোপন এবং সহযোগী প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে শত শত কোটি টাকা জমা রেখে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে ৫৩ বছরের পুরোনো কোকোলা ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে। বিস্কুট, চকোলেট ও কনফেকশনারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সহযোগী সংস্থাসহ মোট ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকার ভ্যাট ফাঁকির মামলা করেছে ভ্যাট গোয়েন্দা। তদন্তে গাজীপুরে মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন পাঁচ সহযোগী প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে প্রায় ৬৪৬ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। অথচ এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার তথ্য নেই। রাজস্ব আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও সুপারিশ করেছে তদন্ত সংস্থা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে এসব অনিয়মের তথ্য পেয়েছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুডের পণ্য বিক্রির পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকা। এর মধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রির তথ্য গোপন রাখার প্রমাণ পেয়েছে গোয়েন্দা দল। এতে সুদসহ অনাদায়ী ভ্যাটের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা।
এছাড়া কেনাকাটা ও অন্যান্য ব্যয়ের বিপরীতে উৎসে মূসক বাবদ ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার টাকা পরিশোধযোগ্য থাকলেও দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার টাকা। সুদসহ এই খাতে বকেয়ার পরিমাণ ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকা। স্থাপনা ভাড়ার বিপরীতেও বকেয়া রয়েছে ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা। সব মিলিয়ে মূল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ বছরে সুদসহ ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকা ভ্যাট ফাঁকির হিসাব করা হয়েছে।
তবে তদন্তে সবচেয়ে বড় অনিয়মের তথ্য মিলেছে মালিকপক্ষের নিয়ন্ত্রণাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে। পাঁচ প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। এসব অর্থকে পণ্য বিক্রির আয় ধরে ১৫ শতাংশ হারে আরও ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট অনাদায়ের হিসাব করা হয়েছে।
এর মধ্যে ইউনিক ট্রেডার্সের নয়টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা। এর বিপরীতে অনাদায়ী ভ্যাটের পরিমাণ ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা। এনএস করপোরেশনের পাঁচ হিসাবে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা জমার বিপরীতে ভ্যাট ফাঁকির হিসাব ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা।
এছাড়া বিসমিল্লাহ ট্রেডিংয়ের দুই হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমার বিপরীতে ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা, সুভানী করপোরেশনের দুই হিসাবে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা জমার বিপরীতে ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা এবং মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির একটি হিসাবে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা জমার বিপরীতে ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।
তদন্তকারীদের দাবি, সংশ্লিষ্ট ঠিকানাগুলোতে গিয়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, কোকোলা ফুডের পণ্য বিক্রির অর্থ সহযোগী প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে স্থানান্তর করে ভ্যাট ফাঁকির কৌশল নেওয়া হয়েছিল। একই মালিকানা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আটটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থা।
কোকোলা ফুডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া। পরিচালকদের মধ্যে রয়েছেন তার ছেলে নোমান মিয়া ও মো. আবু সাঈদ। তদন্ত প্রতিবেদনে মূল প্রতিষ্ঠান ও সহযোগী সংস্থাগুলোর বিরুদ্ধে পৃথক মামলা, দাবিনামা জারি এবং মালিকপক্ষের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সুপারিশ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, মামলা হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট নথি গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে সাড়া না পাওয়ায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে প্রথমে তিনি কোনো জবাব দেননি। পরে লিখিত প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন করেন, ‘কে দিসে এই খবর? চিলে কান নিয়া গেছে?’ এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। সূত্র : kalerkantho
























