ঢাকা   বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডিভিডেন্ডের টাকা জমা না দিলে এজিএমে প্রস্তাব তোলা যাবে না, কঠোর হচ্ছে বিএসইসি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ১৩ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ডের টাকা জমা না দিলে এজিএমে প্রস্তাব তোলা যাবে না, কঠোর হচ্ছে বিএসইসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন বাধ্যতামূলক করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ শর্ত যথাযথভাবে পরিপালন না করে ডিভিডেন্ড বিতরণে অনিয়ম করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৩তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিভিডেন্ডের টাকা জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র বাধ্যতামূলক

বিএসইসির বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি বার্ষিক বা চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলে বিতরণের জন্য নির্ধারিত সম্পূর্ণ অর্থ এজিএমের অন্তত এক দিন আগে পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। অর্থ জমার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক।

এ প্রত্যয়নপত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবের মাধ্যমে সত্যায়িত করে এজিএমে উপস্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হয়।

তবে সম্প্রতি কিছু কোম্পানির ক্ষেত্রে এসব নির্দেশনা যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রযোজ্য সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুধু শাস্তিমূলক ব্যবস্থাই নয়, ডিভিডেন্ডের অর্থ সংরক্ষণ ও ব্যাংকের প্রত্যয়নপত্র উপস্থাপনের শর্ত আরও কঠোর করতে বিদ্যমান নির্দেশনা সংশোধন করবে বিএসইসি। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ঘোষিত ডিভিডেন্ডের সম্পূর্ণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে জমা রাখা এবং ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও এজিএমে উপস্থাপন নিশ্চিত না করে কোনো কোম্পানি সভায় ডিভিডেন্ডসংক্রান্ত প্রস্তাব উত্থাপন করতে পারবে না।

অর্থাৎ, ডিভিডেন্ডের অর্থ সংরক্ষণ ও ব্যাংকের প্রত্যয়নপত্র উপস্থাপনের শর্ত পূরণ না হলে এজিএমে লভ্যাংশের প্রস্তাব তোলার সুযোগ থাকবে না।

স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগে কমবে প্রশাসনিক জটিলতা

এদিকে, তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ক্ষেত্রে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং পরবর্তী সংশোধনীগুলোর আওতায় কোনো স্বতন্ত্র পরিচালককে পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পাওয়ার শর্তে কমিশনের সম্মতি দেওয়া হবে।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত শর্তে আগে দেওয়া অব্যাহতির প্রয়োগ নিয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর শর্ত ১(৩)(ঘ) অনুযায়ী, কোনো স্বতন্ত্র পরিচালককে কোডের শর্ত ১(৩)(খ) ও ১(৩)(গ)-তে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসংক্রান্ত কোনো বিধান থেকে আগে অব্যাহতি বা শিথিলতা দেওয়া হলে, তা পরবর্তী নিয়োগের ক্ষেত্রেও কার্যকর থাকবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এমন কোনো স্বতন্ত্র পরিচালককে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নিয়োগ কিংবা একই কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রে আগে দেওয়া অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। ফলে একই বিষয়ে নতুন করে কমিশনের কাছে অব্যাহতি চাওয়ার প্রয়োজন হবে না।

বিএসইসির মতে, এ সিদ্ধান্তের ফলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রশাসনিক জটিলতা কমবে এবং সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

কমিশনের এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো, একদিকে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, অন্যদিকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করা।

সর্বশেষ