ঢাকা   সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ

এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি

মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর আর ফান্ডের প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) মধ্যে অস্বাভাবিক ব্যবধান নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের প্রতি ইউনিটের এনএভির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দামে লেনদেন হচ্ছে বলে নজরে এসেছে নিয়ন্ত্রক সংস্থাটির। এ অবস্থায় শুধু বাজারদর বাড়ছে দেখে মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার সিদ্ধান্ত না নিতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে বিএসইসি।

সোমবার (৫ অক্টোবর) বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আবুল কালামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ফান্ড একটি নিয়ন্ত্রিত বিনিয়োগ মাধ্যম। এতে বিভিন্ন বিনিয়োগকারীর অর্থ একত্র করে বিভিন্ন আর্থিক উপকরণ ও সম্পদে বিনিয়োগ করা হয়। ফান্ডের অধীনে থাকা সম্পদের বাজারমূল্যের ভিত্তিতে এর মোট সম্পদের মূল্য নির্ধারণ করা হয়। এরপর ওই সম্পদের মোট মূল্য থেকে ফান্ডের দায় ও দেনা বাদ দিলে যে অর্থ থাকে, সেটিই ফান্ডের নিট সম্পদমূল্য বা এনএভি।

একটি ফান্ডের মোট এনএভিকে মোট ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতিটি ইউনিটের বিপরীতে এনএভি বা এনএভি পার ইউনিট পাওয়া যায়। প্রচলিত বিধিবিধান অনুযায়ী ফান্ডের সম্পদ ব্যবস্থাপকরা নিয়মিতভাবে এনএভি পার ইউনিটসহ ফান্ড-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকেন।

বাজারদর বেশি হলেই বিনিয়োগের সুযোগ নয়

বিএসইসির নজরে এসেছে, সম্প্রতি কোনো কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের এনএভি পার ইউনিটের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে বেশি দামে পুঁজিবাজারে লেনদেন হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থার মতে, একটি মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য এবং এর অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে অস্বাভাবিক ব্যবধান তৈরি হলে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।

কারণ, ইউনিটের বাজারদর যতটা বেড়েছে, ফান্ডের প্রকৃত সম্পদের মূল্য একই হারে বেড়েছে কি না—সেটি আলাদা বিষয়। ফলে শুধু বাজারে কোনো ফান্ডের ইউনিটের দাম দ্রুত বাড়ছে দেখে সেখানে বিনিয়োগ করলে অতিরিক্ত দামে ইউনিট কেনার ঝুঁকি তৈরি হতে পারে।

লিকুইডেশনে এনএভিই গুরুত্বপূর্ণ

বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ফান্ডের ইউনিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ফান্ডের অন্তর্নিহিত সম্পদমূল্য বা এনএভি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

কোনো মিউচুয়াল ফান্ড নগদায়ন বা লিকুইডেশন করা হলে একজন ইউনিটধারীর ওই ফান্ডের নিট সম্পদমূল্যের চেয়ে বেশি অর্থ পাওয়ার সুযোগ থাকে না। ফলে বাজারে কোনো ইউনিট যদি তার প্রকৃত এনএভির তুলনায় অনেক বেশি দামে কেনাবেচা হয়, তাহলে সেই অতিরিক্ত মূল্য দেওয়ার ঝুঁকি বিনিয়োগকারীকেই বহন করতে হতে পারে।

এ কারণে কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত এনএভি পার ইউনিটসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বিএসইসি।

গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যেও সতর্কতা

শুধু কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারদর বেড়েছে—এমন তথ্যের ওপর ভিত্তি করে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

একই সঙ্গে গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় প্রভাবিত হয়ে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়ার জন্যও বিনিয়োগকারীদের সতর্ক করেছে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থার মতে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে শুধু বাজারদর নয়, ফান্ডের প্রকৃত সম্পদমূল্য, আর্থিক অবস্থা, মেয়াদ, বিনিয়োগের ধরন বা পোর্টফোলিও এবং প্রকাশিত অন্যান্য তথ্য পর্যালোচনা করা প্রয়োজন।

এসব তথ্য যথাযথভাবে জেনে ও বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে বাজারদর ও এনএভির মধ্যে বড় ধরনের ব্যবধান থাকলে বিনিয়োগকারীদের আরও সতর্ক হয়ে ঝুঁকি ও সম্ভাব্য রিটার্ন বিবেচনা করার পরামর্শ দিয়েছে বিএসইসি।

সর্বশেষ