ঢাকা   সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাজারে স্থিতিশীলতা ফেরাতে শীর্ষ ৩০ ব্রোকারকে ডাকল ডিএসই

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাজারে স্থিতিশীলতা ফেরাতে শীর্ষ ৩০ ব্রোকারকে ডাকল ডিএসই

পুঁজিবাজারে চলমান অস্থিরতা কাটিয়ে লেনদেনে স্বাভাবিক গতি ফেরানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি বাজার উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হবে। এসব সমস্যা সমাধানে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। একই সঙ্গে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ব্রোকারেজ হাউজগুলোর মতামত নেওয়া হতে পারে।

এর আগে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ৮ সেপ্টেম্বর ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে ডিএসই।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা, স্থিতিশীলতা বজায় রাখা এবং স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ডিএসই ও সদস্য প্রতিষ্ঠানগুলোর করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকেও বাজারের অস্থিরতা নিরসন, লেনদেনের গতি বাড়ানো এবং পুঁজিবাজারকে আরও স্থিতিশীল করতে করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে।