শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর (Decentralised Procedure-DCP) এর আওতায় ওষুধটির বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনপ্রাপ্ত দেশগুলো হলো—আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল এবং মাল্টা।
রেনাটা জানিয়েছে, তাদের ইইউ-জিএমপি (EU-GMP) অনুমোদিত পোটেন্ট প্রোডাক্ট উৎপাদন কেন্দ্রে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট উৎপাদন করা হবে।
কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন অনুমোদনপ্রাপ্ত ইউরোপীয় ইউনিয়নের এসব বাজারে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ ও সহায়তা অব্যাহত রাখবে।
























