ঢাকা   রোববার ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সানলাইফে ঘাটতি বেড়েছে, গ্লোবাল ইন্স্যুরেন্সে ইপিএসে শক্তিশালী প্রবৃদ্ধি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ১৪ জুন ২০২৬

সর্বশেষ

সানলাইফে ঘাটতি বেড়েছে, গ্লোবাল ইন্স্যুরেন্সে ইপিএসে শক্তিশালী প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি—সানলাইফ ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দুই প্রতিষ্ঠানের আর্থিক চিত্রে ভিন্নধর্মী প্রবণতা দেখা গেছে। যেখানে সানলাইফ ইন্স্যুরেন্সের ঘাটতি বেড়েছে, সেখানে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সানলাইফ ইন্স্যুরেন্সের মোট আয়কে ছাড়িয়ে ব্যয় ও দাবির (ক্লেইম) পরিমাণ বেড়ে যাওয়ায় ঘাটতি দাঁড়িয়েছে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৫৪ লাখ ৬০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৬ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ, এক বছরে তহবিলের পরিমাণ কমেছে ৪ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

তবে পরিচালন নগদ প্রবাহে কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ঋণাত্মক ০.৩৯ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ১.৮৯ টাকা ছিল।

অন্যদিকে, গ্লোবাল ইন্স্যুরেন্স ২০২৬ সালের প্রথম প্রান্তিকে শক্তিশালী মুনাফা প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। ফলে ইপিএস প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে নগদ কার্যকর প্রবাহে কিছুটা দুর্বলতা দেখা গেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সা।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে সানলাইফ ইন্স্যুরেন্স আয়-ব্যয়ের চাপে থাকলেও গ্লোবাল ইন্স্যুরেন্স মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

সর্বশেষ