এনআইএলজি উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোলায়মান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং সরিষাবাড়ী প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরে প্রশিক্ষণে অংশ নেওয়া গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সরিষাবাড়ী শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর।
























