ঢাকা   মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

মজুরি বোর্ডের বৈঠক পিছিয়ে, ন্যূনতম মজুরি নিয়ে অনিশ্চয়তায় শ্রমিকদের বিক্ষোভ

অর্থ ও বাণিজ্য

প্রকাশিত: ১২:২৯, ১৭ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মজুরি বোর্ডের বৈঠক পিছিয়ে, ন্যূনতম মজুরি নিয়ে অনিশ্চয়তায় শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের বৈঠক পিছিয়ে যাওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক অঙ্গন। নতুন মজুরি সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় ক্ষোভ থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভারে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড এবং গাজীপুরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

শ্রমিক নেতাদের দাবি, সোমবার মজুরি বোর্ডের বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। বৈঠকে নতুন ন্যূনতম মজুরি সম্পর্কে জানতে চেয়েছিলেন শ্রমিক প্রতিনিধিরা। কিন্তু বৈঠক স্থগিত হওয়ায় মজুরি নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাননি তারা। এতে শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, মজুরি বোর্ডের সভা পিছিয়ে দেওয়াকে কেন্দ্র করেই নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সাভার ও আশুলিয়ার নরসিংহপুর এবং জিরাবো এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করেই কর্মস্থল ছেড়ে বেরিয়ে গেছেন।

সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকাতেও শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।

অন্যদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সকাল থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একটি কারখানার সামনে শ্রমিকদের অবস্থানের পর আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। একপর্যায়ে ভোগড়া থেকে টাঙ্গাইলমুখী সড়কের ডিভাইডার ভেঙে সড়কে ফেলে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এরপরও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকে।

ভোগড়া থেকে নাওজোর পর্যন্ত মহাসড়কের দুই পাশে হাজারো শ্রমিককে অবস্থান নিতে দেখা যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে একাধিক স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকের সময়সূচি ও সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা থাকায় শ্রমিক অসন্তোষ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

সর্বশেষ