ঢাকা   মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে খুলছে বিনিয়োগের নতুন সুযোগ

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ১৭ নভেম্বর ২০২৬

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে খুলছে বিনিয়োগের নতুন সুযোগ

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বেসরকারি খাতে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বড় প্রকল্প বাস্তবায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।

সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করতে পারবে ডিএফসি। সংস্থাটির অর্থায়নের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি কমানোর বিভিন্ন সুবিধাও পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য এ সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা হলো বিদেশি বিনিয়োগের অর্থায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনায় নতুন পথ তৈরি হওয়া। বিশেষ করে জ্বালানি ও ডিজিটাল অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগ বাড়তে পারে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ কমাতে পারে। এতে বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগকারী আকৃষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

এদিকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক মনে করেন, এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা তুলনামূলক কম খরচে বেশি পণ্য আমদানির সুযোগ পেতে পারেন।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ সংগ্রহের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। এ লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ডিএফসি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি ঋণ, ইকুইটি, ক্রেডিট ও বিমার মাধ্যমে বিভিন্ন দেশের বেসরকারি খাতে বিনিয়োগে সহায়তা করে। এর আগে শ্রমিক অধিকার, সংগঠন করার স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ এ সংস্থার অর্থায়নের যোগ্যতা অর্জন করতে পারেনি।

এবার সেই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি হলো। তবে এ সুযোগ কাজে লাগাতে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, প্রকল্প প্রস্তুতি এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো গুরুত্বপূর্ণ হবে।

সর্বশেষ