মাসে ৫০ হাজার টাকা বেতন পেলেই সিটি ব্যাংক থেকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে বেসরকারি চাকরিজীবীদের। জরুরি চিকিৎসা, বাড়ি সংস্কার, সন্তানের পড়াশোনা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে এ ঋণ নিতে পারবেন তাঁরা। তবে ঋণের পরিমাণ নির্ভর করবে আবেদনকারীর আয়, চাকরির অভিজ্ঞতা, পেশা ও ব্যাংকের মূল্যায়নের ওপর।
বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি গ্রাহকদের সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দিচ্ছে। ঋণ পরিশোধের জন্য পাওয়া যাবে সর্বোচ্চ ৮ বছর বা ৯৬ মাস সময়। ফলে প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী কিস্তির মেয়াদ নির্ধারণ করতে পারবেন গ্রাহকেরা।
কত টাকা বেতনে কত ঋণ?
সিটি ব্যাংকের ঋণসংক্রান্ত তথ্য অনুযায়ী, বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতন কমপক্ষে ৪০ হাজার টাকা হতে হবে। এ ক্ষেত্রে মাসে ৪০ হাজার টাকা বেতন পাওয়া ব্যক্তি প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ঋণ পেতে পারেন। আর মাসিক বেতন ৫০ হাজার টাকা হলে ঋণের পরিমাণ হতে পারে ৫ থেকে ৬ লাখ টাকা।
তবে শুধু বেতনের ভিত্তিতে ঋণ অনুমোদন করা হয় না। আবেদনকারীর চাকরির ধরন, অভিজ্ঞতা, আয় এবং অন্যান্য আর্থিক সক্ষমতা যাচাই করে চূড়ান্ত ঋণসীমা নির্ধারণ করবে ব্যাংক।
কারা পাবেন সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণ?
সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণ পেতে আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৬০ বছরের মধ্যে। পেশাভেদে ঋণ পাওয়ার যোগ্যতা ও আয়ের শর্তও আলাদা।
-
বেসরকারি চাকরিজীবী: মাসিক বেতন কমপক্ষে ৪০ হাজার টাকা এবং একই প্রতিষ্ঠানে বা সংশ্লিষ্ট পেশায় অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
-
বাড়িওয়ালা: মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।
-
পেশাজীবী: চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ ও স্থপতিসহ বিভিন্ন পেশাজীবীর কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং মাসিক আয় অন্তত ৬০ হাজার টাকা হতে হবে।
-
ব্যবসায়ী: ব্যবসার বয়স কমপক্ষে তিন বছর এবং মাসিক আয় অন্তত এক লাখ টাকা হতে হবে।
ঋণের পরিমাণ ও পরিশোধের মেয়াদ
সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধের মেয়াদ ১২ থেকে ৯৬ মাস। অর্থাৎ এক বছর থেকে সর্বোচ্চ আট বছরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে।
আবেদনে যেসব কাগজপত্র লাগবে
ঋণের আবেদন করতে আবেদনকারী ও জামিনদার—উভয়ের কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো হলো—
1. আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি।
2. আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
3. আবেদনকারী ও জামিনদারের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিস পরিচয়পত্রের ফটোকপি।
4. আবেদনকারীর হালনাগাদ ই-টিআইএন সনদ।
5. সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।
চাকরিজীবীদের এসব কাগজপত্রের পাশাপাশি অফিসের পরিচিতিপত্র বা লেটার অব ইনট্রোডাকশন, বেতন সনদ অথবা বেতন বিবরণী জমা দিতে হবে। এ ছাড়া সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী প্রয়োজন হবে।
অন্যদিকে, চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ ও স্থপতিসহ স্বনিয়োজিত পেশাজীবীদের সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী, পেশাগত যোগ্যতার সনদ অথবা সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের হালনাগাদ সদস্যপদের সনদ জমা দিতে হবে। পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠানের প্যাডে আয়ের ঘোষণা দিতে হবে।
সুদের হার কত, কী কী সুবিধা রয়েছে?
সিটি ব্যাংক জানিয়েছে, তাদের ব্যক্তিগত ঋণে কোনো গোপন মাশুল বা চার্জ নেই। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহারে ঋণ দেওয়ার কথা উল্লেখ করেছে ব্যাংকটি। ঋণগ্রহীতার মৃত্যু অথবা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষাও রয়েছে।
ব্যাংকটির হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু প্রথম আলোকে জানান, ব্যক্তিগত ঋণের সুদের হার পরিবর্তনশীল। বর্তমানে এ হার ১০ থেকে ১১ শতাংশের মধ্যে রয়েছে। তবে গ্রাহকের ধরন ও অন্যান্য বিষয় বিবেচনায় সুদের হার কমবেশি হতে পারে।
তিনি জানান, ঋণের আবেদন পাওয়ার পর গ্রাহকের আয়, পেশা, চাকরির ধরন ও চাকরির সময়সীমাসহ বিভিন্ন বিষয় যাচাই করে ঋণের যোগ্যতা ও পরিমাণ নির্ধারণ করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, এই প্যাকেজের আওতায় প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করছে সিটি ব্যাংক। চাকরিজীবীরাই এ ঋণের প্রধান গ্রাহক। আগে ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ সীমা ছিল ২০ লাখ টাকা। চলতি বছরের মে মাস থেকে তা বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে। যেকোনো ব্যাংক হিসাব থেকেও এ ঋণের জন্য আবেদন করা যায় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
তবে ঋণ নেওয়ার আগে সুদের হার, প্রসেসিং ফি, মাসিক কিস্তি এবং অন্যান্য প্রযোজ্য খরচ সম্পর্কে ব্যাংক থেকে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। কারণ, ঋণের পরিমাণ ও পরিশোধের মেয়াদ অনুযায়ী মাসিক কিস্তির অঙ্ক নির্ধারিত হবে।
























