ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

গুলশানে নারী উদ্যোক্তাদের দুই দিনের প্রদর্শনী শেষ

নারী ও নারী উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৩১, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

গুলশানে নারী উদ্যোক্তাদের দুই দিনের প্রদর্শনী শেষ

ঢাকার গুলশানে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘হার পাওয়ারফুল স্টোরি, নভেম্বর এক্সপো ২০২৬’ শেষ হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর গুলশান-১-এর সুবর্ণভূমি ফাউন্ডেশনের ইসলাম লজে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা নিজেদের ব্র্যান্ডের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। ক্রেতা ও দর্শনার্থীদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছেন অংশগ্রহণকারীরা।

‘হার পাওয়ারফুল স্টোরি’ ও ‘রেহনুমা সিডব্লিউই’র যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে দেশীয় ও আধুনিক নকশার পোশাক, হাতে তৈরি গয়না, অর্গানিক ত্বকচর্চার পণ্য, ঘর সাজানোর সামগ্রী, ঘরের গাছ এবং ঘরে তৈরি খাবারের বিভিন্ন স্টল স্থান পায়।

আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় বিভিন্ন শ্রেণি ও পেশার ক্রেতা-দর্শনার্থীরা অংশ নেন। নারী উদ্যোক্তাদের তৈরি ও বাজারজাত করা পণ্যের প্রতি তাঁদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল লিনাজ জুয়েলারি, আমিরা’স ক্রিয়েশন, শপ স্টপ, তাফান্নুম কালেকশন, শুভ্রতা, রাঙা, মানহা’স গার্ডেন, ফ্রেশ পার্পল, গার্লি বুটিক, ব্রিজেস ক্রিয়েশনস, রাগা বাই অনিন্দিতা, সাফা ফুড, ড্যাজলিং অ্যাটায়ার ফ্যাশন হাউস, রানী’স ফ্যাশন, নায়ীরা ফ্যাশন, বিদোরা ও সুমি’স কালেকশন।

আয়োজকদের পক্ষে লিনাজ জুয়েলারির স্বত্বাধিকারী লীনা ফেরদৌস বলেন, প্রত্যেক নারীরই একটি নিজস্ব গল্প রয়েছে, যা অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারে। বড় পরিসরের মেলায় অনেক ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেওয়ার সুযোগ পান না। এ কারণে এলাকাভিত্তিক এমন প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা সহজেই ক্রেতাদের কাছে নিজেদের পণ্য পৌঁছে দিতে পারেন।

মেলাটি পরিচালনায় ছিলেন ‘হার পাওয়ারফুল স্টোরি’র তিন উদ্যোক্তা ও আয়োজক লীনা ফেরদৌস এবং ড্যাজলিং অ্যাটায়ারের স্বত্বাধিকারী সুলতানা ইসলাম ও শিউলি ইসলাম। তাঁদের সহযোগিতা করেন ‘রেহনুমা সিডব্লিউই’র প্রতিষ্ঠাতা রেহনুমা সুলতানা।

আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসার, পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে ঢাকার বিভিন্ন এলাকায় প্রতি মাসে এ ধরনের প্রদর্শনীর আয়োজন অব্যাহত রাখবেন তাঁরা।

সর্বশেষ