ময়মনসিংহের ভালুকায় পিএ নীট কম্পোজিট লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ
ময়মনসিংহের ভালুকায় পিএ নীট কম্পোজিট লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকেরা কারখানার প্রধান ফটক খুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেরিয়ে আসার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কারখানার ভেতরে হুড়োহুড়িতে ২৬ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। অপর একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন কারখানাটিতে এ ঘটনা ঘটে। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেনের দেওয়া এক বিবৃতিতে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।
বিবৃতিতে জানানো হয়, পিএ নীট কম্পোজিট লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার ৪০০ শ্রমিক কর্মরত রয়েছেন। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে কারখানার প্রধান ফটক ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিল্পাঞ্চল পুলিশ-৫, জেলা ও থানা পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা ছিলেন।
বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কারখানার বিভিন্ন সেকশনের শ্রমিকেরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপকের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেন। উৎপাদন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রোডাকশন ম্যানেজার ও লাইন চিফদের মাধ্যমে শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা আবার কাজে যোগ দেন।
পরবর্তী সময়ে শ্রম পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চল পুলিশ-৫-এর পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কারখানার উৎপাদন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা এবং নির্বাচিত অংশগ্রহণকারী কমিটির সদস্যদের নিয়ে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উৎপাদন কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
তবে দুপুরের খাবারের বিরতির পর শ্রমিকেরা আর কাজে ফেরেননি। বেলা ১টা ৪৫ মিনিটের দিকে তাঁরা উৎপাদন ফ্লোর ছেড়ে কারখানার অভ্যন্তরের সমাবেশস্থল ও প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে প্রধান ফটক খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত সরকারি প্রতিনিধিরা শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান। কিন্তু শ্রমিকেরা ঢাকা, গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলন চলার কথা উল্লেখ করে জানান, সেখানে আন্দোলন করতে গিয়ে শ্রমিকেরা হতাহত হচ্ছেন। এ কারণে তাঁরাও আন্দোলনে যোগ দিতে চান এবং কাজে ফিরতে অস্বীকৃতি জানান।
এ অবস্থায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও বেরিয়ে এসে সড়ক অবরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এমন পরিস্থিতি এড়াতে শ্রমিকদের কারখানার ভেতরে অবস্থান করার আহ্বান জানানো হয়। প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট ধরে সরকারি প্রতিনিধিরা তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে শ্রমিকেরা কারখানার প্রধান ফটক জোরপূর্বক খুলে মহাসড়কে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আশপাশের শিল্পাঞ্চলের শ্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় কারখানার ভেতরে হুড়োহুড়িতে ২৬ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে ১৬ জন জৈনা বাজারের আলবারাকা হাসপাতালে, ৩ জন আনোয়ারা হাসপাতালে এবং ৬ জন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তাঁরা নিজ নিজ আবাসস্থলে ফিরে যান। অপর একজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের একসঙ্গে কারখানা থেকে বের হতে না দিয়ে পর্যায়ক্রমে বের হওয়ার ব্যবস্থা করা হয়। পরে শ্রমিকেরা কারখানা ত্যাগ করে নিজ নিজ আবাসস্থলে চলে যান।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় কারখানার কোনো শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেনি। শ্রমিকের মৃত্যুর বিষয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে সবাইকে সতর্ক করা হয়েছে। বর্তমানে কারখানাটির সার্বিক পরিস্থিতি এবং আশপাশের শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
























