ঢাকা   রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৩১, ১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে মিরপুর-১, ২, ১০, ১১, ১২ ও পল্লবী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ ছাড়া মিরপুর-১ ও ২ নম্বর এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান করেন।

একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের ফলে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষ ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন। যানবাহন না পেয়ে অনেককে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

এদিকে, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য আজ সচিবালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নতুন মজুরি বোর্ড গঠনের মধ্যেই শ্রমিকদের এই বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটল।

সর্বশেষ