ঢাকা   সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এসএসসি খাতা পুনর্মূল্যায়নে ১৩ লাখের বেশি আবেদন, আজই শেষ সময়

এসএসসি খাতা পুনর্মূল্যায়নে ১৩ লাখের বেশি আবেদন, আজই শেষ সময়

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ফেল করা ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় সোমবার (১৭ আগস্ট) রাত ১২টা।

সোমবার দুপুরে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ১৩ লাখের বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে। এ বছর ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ প্রায় ৭ লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে।

যেভাবে পুনর্নিরীক্ষণের আবেদন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে প্রথমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।

প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আর কোনো বিষয় দুই পত্রবিশিষ্ট হলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

ফি পরিশোধের নিয়ম

আবেদনের নির্ধারিত ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে জানা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টারে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় নতুন বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ অপশনের মাধ্যমে যেসব বিষয়ের ফি এখনো দেওয়া হয়নি, সেগুলো বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না। পরিশোধ করা কোনো ফিও ফেরত দেওয়া হবে না। পাশাপাশি ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তাই খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সোমবার রাত ১২টার আগেই আবেদন ও ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।