ঢাকা   বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ডিভিডেন্ড সংরক্ষণে বিভ্রান্তি দূর করল বিএসইসি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ২৯ জুলাই ২০২৬

সর্বশেষ

ডিভিডেন্ড সংরক্ষণে বিভ্রান্তি দূর করল বিএসইসি

মিউচ্যুয়াল ফান্ডে মুনাফা সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, নগদ লভ্যাংশ বিতরণের পরিবর্তে মুনাফা সংরক্ষণের যে সুযোগ দেওয়া হয়েছে, তা সব ধরনের মিউচ্যুয়াল ফান্ডের জন্য নয়; কেবল বে-মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচ্যুয়াল ফান্ড এই সুবিধা পাবে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসির আইন বিভাগের সিএমআরআরসি (CMRRC) ডিপার্টমেন্টের রেগুলেটরি সেকশন থেকে জারি করা এক নির্দেশনায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান নির্দেশনাটিতে স্বাক্ষর করেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং ক্লোজড-এন্ড মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ অনুযায়ী গত ১৫ জুলাই একটি নির্দেশনা জারি করা হয়েছিল। ওই সিদ্ধান্তে নির্দিষ্ট শর্তসাপেক্ষে মিউচ্যুয়াল ফান্ডকে নগদ লভ্যাংশ ঘোষণা না করে অর্জিত মুনাফা সংরক্ষণের অনুমতি দেওয়া হয়।

তবে নতুন ব্যাখ্যায় কমিশন পরিষ্কার করেছে, ১৫ জুলাইয়ের সেই সিদ্ধান্তের কার্যকারিতা শুধুমাত্র বে-মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফলে ওপেন-এন্ডসহ অন্য কোনো ধরনের মিউচ্যুয়াল ফান্ড এই সুবিধার আওতায় আসবে না।

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২০এ-এ অনুযায়ী জারি করা এই ব্যাখ্যামূলক নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।
 

সর্বশেষ