জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরুর সময় হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিতে এলে ওয়াকআউট করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। স্লোগানের মধ্যে ছিল— “কিলার চুপ্পু, বয়কট বয়কট”, “গেট আউট”, “কিলার চুপ্পু গেট আউট”, “স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান” ইত্যাদি।
পরিস্থিতির এক পর্যায়ে স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের এমপিরা।
তবে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা সম্মান জানিয়ে দাঁড়ালেও, তারা রাষ্ট্রপতিকে সম্মান জানাননি। এ সময় তারা বলেন, আমরা জাতীয় সংগীতকে সম্মান জানাচ্ছি, রাষ্ট্রপতিকে নয়।
প্রতিবাদের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যরা ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
























