দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম একদিনে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকায় বিক্রি হবে।
দাম বৃদ্ধির ফলে ২১ ক্যারেটে ভরিপ্রতি ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৫০ টাকা বেড়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, আউন্সপ্রতি সোনার দাম ৩৭ ডলার বেড়েছে। তবে গত এক মাসের হিসাবে এখনও সোনার দাম আগের তুলনায় ১৭২ ডলার কম রয়েছে, যদিও গত এক সপ্তাহে বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হচ্ছে।























