ঢাকা   শুক্রবার ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

শেয়ারবাজারে টেকসই বিনিয়োগ বাড়াতে আইএমএফের সঙ্গে বিএসইসির বৈঠক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২৩ জুলাই ২০২৬

শেয়ারবাজারে টেকসই বিনিয়োগ বাড়াতে আইএমএফের সঙ্গে বিএসইসির বৈঠক

দেশের শেয়ারবাজারে টেকসই বিনিয়োগের পরিধি বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে পরিবেশবান্ধব অর্থায়ন সম্প্রসারণ, গ্রিন বন্ড ও সাসটেইনেবিলিটি বন্ডের বাজার উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল বিনিয়োগ কাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসির কমিশন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিশনার তানভীর হাবিব রহমানের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে আইএমএফের ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের টিম লিডার সুপাচোল সুপাচালাসাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারে গ্রিন বন্ড, সাসটেইনেবিলিটি বন্ড এবং অন্যান্য থিমেটিক বন্ডের বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাসটেইনেবল ফাইন্যান্স ট্যাক্সোনমির অগ্রগতি, বন্ড ইস্যুর যাচাই-বাছাই প্রক্রিয়া, ইমপ্যাক্ট রিপোর্টিং, এক্সটার্নাল রিভিউ ব্যবস্থা শক্তিশালী করা, সম্ভাব্য বন্ড ইস্যুকারীদের প্রস্তুতি এবং বিনিয়োগকারীদের চাহিদা মূল্যায়নের বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

এছাড়া টেকসই অর্থায়নের বিকাশে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে নীতিগত সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাজার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থায়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

বিএসইসি জানিয়েছে, বৈঠকে টেকসই অর্থায়নে শেয়ারবাজারের ভূমিকা আরও বিস্তৃত করা এবং ভবিষ্যতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।