ঢাকা   বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সৌরবিদ্যুৎ স্থাপনে ৫০০ কোটি টাকার ঋণ, গ্রাহক পর্যায়ে সুদ ৬%

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০৬, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:১৪, ১৪ অক্টোবর ২০২৬

সর্বশেষ

সৌরবিদ্যুৎ স্থাপনে ৫০০ কোটি টাকার ঋণ, গ্রাহক পর্যায়ে সুদ ৬%

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি করেছে অর্থবিভাগ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ অর্থায়নের আওতায় পিকেএসএফের সহযোগী সংস্থার মাধ্যমে সর্বশেষ পর্যায়ের গ্রাহকদের বার্ষিক ৬ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এর লক্ষ্য হলো সৌরবিদ্যুৎ স্থাপনে অর্থায়ন সহজ করা এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা।

বুধবার (১৪ অক্টোবর) অর্থবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থবিভাগের যুগ্ম সচিব মোছা. নাজনীন সুলতানা এবং পিকেএসএফের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় সৌরবিদ্যুৎ স্থাপনে আগ্রহী গ্রাহকদের অর্থায়ন সহজ করতে কাজ করবে পিকেএসএফ। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘বিশেষায়িত নবায়নযোগ্য শক্তি অর্থায়ন কর্মসূচি’ চালু করেছে। কর্মসূচির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য প্রয়োজনীয় ঋণ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, অর্থবিভাগ ও পিকেএসএফের এ যৌথ উদ্যোগ দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে। পাশাপাশি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।

এ উদ্যোগের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতেও কর্মসূচিটি ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ