শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে আলোচ্য অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৬৭ পয়সা লোকসান করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সমাপ্ত অর্থবছরে ফারইস্ট নিটিংয়ের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ টাকা ৭৫ পয়সা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ সূচক ছিল ১ টাকা ৭৫ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।






















