ঢাকা   বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় বেক্সিমকো ফার্মার পর্ষদে নেই সালমান এফ রহমান

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ও ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় বেক্সিমকো ফার্মার পর্ষদে নেই সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপের ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থে সম্ভাব্য ক্ষতি এড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন সালমান এফ রহমান। এর পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিয়েই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন পরিচালনা পর্ষদ গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের সভায় কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে নয় সদস্যের পুনর্গঠিত পর্ষদের কাঠামোয় অনাপত্তি দেওয়া হয়।

সালমান এফ রহমান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টাও ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পর্ষদ পুনর্গঠনের বিষয়ে এর আগে বিএসইসিকে দেওয়া চিঠিতে বেক্সিমকো ফার্মা জানিয়েছিল, কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি জানিয়েছেন সালমান এফ রহমান। দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বেক্সিমকো যে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। কোম্পানির ব্যবসা এবং শেয়ারধারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় ছিল।

এরপর বিএসইসির সঙ্গে আলোচনার ভিত্তিতে পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে যায়। মঙ্গলবার কমিশনের ১ হাজার ৩১তম সভায় কোম্পানিটির প্রস্তাবিত নয় সদস্যের নতুন পর্ষদে অনাপত্তি দেওয়া হয়।

নতুন পর্ষদে বেক্সিমকো গ্রুপের উদ্যোক্তা পরিচালকদের মধ্য থেকে থাকছেন আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান), ওসমান কায়সার চৌধুরী এবং ইকবাল আহমেদ। পাশাপাশি রাখা হয়েছে চারজন স্বতন্ত্র পরিচালক। আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন প্রতিনিধি এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককেও পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কাঠামোয় প্রথমবারের মতো ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের সদস্য করা হয়েছে।

পুনর্গঠনের ফলে বেক্সিমকো ফার্মার পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের প্রতিনিধিত্ব বেড়েছে। নতুন কাঠামোয় চারজন স্বতন্ত্র পরিচালক থাকছেন, যাদের মধ্যে একজন নারী পরিচালকও রয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পরিবর্তনের পর বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর তৈরি হওয়া প্রতিকূলতা বিবেচনায় সালমান এফ রহমানের পর্ষদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারীরাও ব্যবসায়িক স্বার্থের দিকটি বিবেচনায় নিয়ে এই পুনর্গঠন প্রক্রিয়ায় সম্মত হয়েছেন বলে জানা গেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকার পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে কোম্পানিটির দীর্ঘদিনের পরিচালনা-সংক্রান্ত জটিলতা কাটানোর একটি প্রক্রিয়া এগিয়ে গেল।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মুনাফা হয়েছে ২২২ কোটি টাকা। আর ২০২৫ সালের জুনে শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফার পরিমাণ ছিল ৬৯৪ কোটি টাকা।

সর্বশেষ