ঢাকা   মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মশিহর সিকিউরিটিজের

প্রথম দিনেই ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকার চেক

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রথম দিনেই ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকার চেক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন ফান্ডের (আইপিএফ) আওতায় মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রথম দিনেই ১২২ জন বিনিয়োগকারীর মধ্যে ৩ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এই চেক বিতরণ কার্যক্রম চলে। বিনিয়োগকারীদের সুবিধা এবং সুশৃঙ্খলভাবে অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত সময়সূচি অনুসরণ করছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, আগামী দিনগুলোতেও প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একই প্রক্রিয়ায় মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক দেওয়া হবে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের চেক সংগ্রহের তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে পাওনা অর্থ ফেরতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির বিপরীতে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। ডিএসইর মতে, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং যাচাইকৃত পাওনা ফেরতের পাশাপাশি পুঁজিবাজারে আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।

চেক গ্রহণকারী এক বিনিয়োগকারী জানান, ২০২৪ সালে মশিহর সিকিউরিটিজ বন্ধ হয়ে যাওয়ার পর তার বিনিয়োগের একটি বড় অংশ অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরবর্তী সময়ে ডিএসইর নিয়ম অনুযায়ী আবেদন করার পর যাচাইকৃত পাওনা অর্থের সম্পূর্ণ চেক হাতে পেয়েছেন তিনি। অর্থ ফেরত পাওয়ায় স্বস্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান ওই বিনিয়োগকারী।

আরেক বিনিয়োগকারী জানান, আবেদন করার পর ডিএসইর সহযোগিতায় তিনি তার পাওনা অর্থের চেক পেয়েছেন। দীর্ঘদিনের অপেক্ষার পর অর্থ ফেরত পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

ডিএসই জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থ ফেরতের এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও পরিশোধ করা হবে।

ডিএসইর উদ্যোগের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া ব্রোকারেজ প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা ফেরতের প্রক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।