শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক (ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর) নিয়োগ বাধ্যতামূলক হলেও নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করতে পারেনি। এ বাস্তবতায় কোম্পানিগুলোকে আরও এক বছরের সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করা যাবে।
রোববার বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঠিয়ে সব তালিকাভুক্ত কোম্পানিকে দ্রুত বিষয়টি জানাতে বলা হয়েছে, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যে বিধানটি বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, করপোরেট গভর্ন্যান্স কোডের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিচালনা পর্ষদে একজন নারী স্বতন্ত্র পরিচালক রাখা। তবে বিভিন্ন কোম্পানির বাস্তব পরিস্থিতি ও তাদের অনুরোধ বিবেচনায় কমিশন সময়সীমা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের নির্দেশনা অনুযায়ী, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর শর্ত ১(২)(ক)-এ প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধান বাস্তবায়নে এর আগে কয়েক দফা সময়সীমা নির্ধারণ ও বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই জারি করা নির্দেশনায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর ফলে যেসব তালিকাভুক্ত কোম্পানি এখনো নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারেনি, তারা নতুন সময়সীমার মধ্যে করপোরেট গভর্ন্যান্স কোডের এই বাধ্যবাধকতা পূরণের সুযোগ পাবে।
করপোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞদের মতে, পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালকের অংশগ্রহণ শুধু একটি বিধান পূরণ নয়; এটি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে আন্তর্জাতিক করপোরেট গভর্ন্যান্স মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেও এ ধরনের প্রতিনিধিত্ব অপরিহার্য।
সংশ্লিষ্টদের ধারণা, অনেক তালিকাভুক্ত কোম্পানি এখনো যোগ্য নারী স্বতন্ত্র পরিচালক খুঁজে না পাওয়ায় বা অন্যান্য বাস্তব কারণে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারেনি। সেই বাস্তবতা বিবেচনায় বিএসইসি সময়সীমা বাড়িয়েছে। তবে নতুন সময়সীমা শেষে এ বিধান বাস্তবায়নে আর কোনো বিলম্ব না হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব নিশ্চিত করার যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। নতুন সময়সীমা কোম্পানিগুলোকে সেই বাধ্যবাধকতা পূরণের শেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
























