ঢাকা   রোববার ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মিউচুয়্যাল ফান্ডে ডিজিটাল যুগের সূচনা, আধুনিক কাস্টডিয়ান সফটওয়্যার তৈরির নির্দেশ বিএসইসির

মিউচুয়্যাল ফান্ডে ডিজিটাল যুগের সূচনা, আধুনিক কাস্টডিয়ান সফটওয়্যার তৈরির নির্দেশ বিএসইসির

দেশের মিউচুয়্যাল ফান্ড খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে বড় উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কাস্টডিয়ান সেবার কার্যক্রমকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে একটি আধুনিক ইন্টিগ্রেটেড সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরির নির্দেশ দিয়েছে কমিশন। একই সঙ্গে সফটওয়্যার উন্নয়নের অগ্রগতি প্রতি দুই সপ্তাহ পরপর কমিশনে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের মিউচুয়্যাল ফান্ড ও সিআইএসএস বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। পরে তা সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত ১২ মার্চ বিএসইসি কার্যালয়ে কমিশন ও সিডিবিএলের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন মিউচুয়্যাল ফান্ড বিধিমালা-২০২৫ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে দায়িত্বপ্রাপ্ত কমিশনার কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনায় সিডিবিএলের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কাস্টডিয়ান সেবা পরিচালনার জন্য একটি সমন্বিত ও আধুনিক সফটওয়্যার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন।

বিএসইসি জানিয়েছে, সফটওয়্যার উন্নয়নের পুরো প্রক্রিয়ায় মিউচুয়্যাল ফান্ড খাতের সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ করতে হবে। অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি, কাস্টডিয়ান, স্টক ব্রোকারসহ সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ সফটওয়্যার উন্নয়নে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বিধিমালার আলোকে কাস্টডিয়ান সেবা পরিচালনার উপযোগী সফটওয়্যার তৈরির কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অগ্রগতির প্রতিবেদন প্রতি পাক্ষিকে কমিশনে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সমন্বিত এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে মিউচুয়্যাল ফান্ডের সম্পদ সংরক্ষণ, লেনদেন নিষ্পত্তি, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয় আরও কার্যকর হবে। এতে কাস্টডিয়ান সেবার দক্ষতা বাড়ার পাশাপাশি পরিচালনাগত ঝুঁকি কমবে এবং নতুন বিধিমালার বাস্তবায়নও আরও সহজ হবে। তাদের মতে, শেয়ারবাজারে ডিজিটাল রূপান্তর ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠার যে পরিকল্পনা বিএসইসি হাতে নিয়েছে, এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

দেশের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার হিসেবে পরিচালিত সিডিবিএল ইতোমধ্যে মিউচুয়্যাল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় লাইসেন্স পেতে প্রতিষ্ঠানটি বিএসইসির কাছে আবেদনও জমা দিয়েছে। নতুন আয়ের উৎস সৃষ্টি এবং সেবার পরিধি সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এই কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মিউচুয়্যাল ফান্ড বিধিমালায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য যেসব গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে, তার কয়েকটি এখনও পূরণ করতে পারেনি সিডিবিএল। এসব ঘাটতি দ্রুত সমাধান না হলে নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। সে কারণেই প্রয়োজনীয় শর্ত পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।