ঢাকা   শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

উৎপাদন বাড়াতেই ডমিনেজ স্টিলে আকিজের ৪০ কোটি টাকার বিনিয়োগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৪ জুলাই ২০২৬

আপডেট: ১৩:০৩, ৪ জুলাই ২০২৬

সর্বশেষ

উৎপাদন বাড়াতেই ডমিনেজ স্টিলে আকিজের ৪০ কোটি টাকার বিনিয়োগ

লোকসানে থাকা ডমিনেজ স্টিলকে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে এনে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেই কোম্পানিটির ৩০ শতাংশ মালিকানা কিনতে যাচ্ছে শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সেস। এ লক্ষ্যে প্রায় ৪০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মালিকানা হস্তান্তরের অনুমোদন চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।

বিএসইসি ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদের সভায় উদ্যোক্তা-পরিচালকদের হাতে থাকা ৩০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আকিজ রিসোর্সেসের সঙ্গে এ বিষয়ে চুক্তিও সম্পন্ন হয়েছে। বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুই পক্ষ। প্রয়োজনীয় কাগজপত্রও বিএসইসিতে জমা দেওয়া হয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালকদের মালিকানাধীন ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার আকিজ রিসোর্সেস, প্রতিষ্ঠানটির মালিক শেখ জসিমউদ্দিন এবং ফারিয়া হোসেনের কাছে অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে বিক্রি করা হবে। এটি কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।

শেয়ারবাজার-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিটি শেয়ার ১৩ টাকা দরে বিক্রি হচ্ছে, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৩ টাকা প্রিমিয়াম। সে হিসাবে আকিজ রিসোর্সেসের বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। যদিও লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে এই অর্থের পরিমাণ প্রকাশ করেনি।

ডমিনেজ স্টিলের মালিকানা পরিবর্তনের খবরকে কেন্দ্র করে গত ছয় মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ১৮২ শতাংশ বেড়েছে। বছরের শুরুতে ২৮ টাকা ৪০ পয়সা থাকা শেয়ারটি বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়ায় প্রায় ৮০ টাকায়। বাজার-সংশ্লিষ্টদের মতে, মালিকানা পরিবর্তনের তথ্য আগেভাগে ছড়িয়ে পড়ায় শেয়ারটির দামে অস্বাভাবিক উল্লম্ফন ঘটে।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শনে দেখা গেছে, সাভারের কারখানায় উৎপাদন চললেও নরসিংদীর পলাশের কারখানাটি বন্ধ রয়েছে।

সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিকে ডমিনেজ স্টিল প্রায় ৭২ লাখ টাকা লোকসান করেছে। ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘বি’ শ্রেণিভুক্ত। সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে মোট সম্পদের পরিমাণ প্রায় ১৭৪ কোটি টাকা।

এ বিষয়ে আকিজ রিসোর্সেসের উপপ্রধান আর্থিক কর্মকর্তা রায়হান কবির বলেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর তারা পরিচালনা পর্ষদের দায়িত্ব নেবেন। এরপর ডমিনেজ স্টিলের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চালু করা হবে এবং পর্যায়ক্রমে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


 

সর্বশেষ