ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২ জুলাই ২০২৬

সর্বশেষ

সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের

টানা কয়েক কার্যদিবসের উত্থানে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ জুলাই) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক মূল্য সংশোধন দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি সূচকের মধ্যে দুটি সূচক কমলেও একটি সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন কমেছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দরও হ্রাস পেয়েছে।

তবে বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এই পতনকে বড় ধরনের নেতিবাচক সংকেত হিসেবে দেখার সুযোগ নেই। বরং দীর্ঘ সময়ের অস্থিরতা কাটিয়ে দেশের পুঁজিবাজার এখন তুলনামূলকভাবে অনেক বেশি স্থিতিশীল অবস্থানে রয়েছে। তাদের মতে, বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন একটি সুস্থ বাজারেরই অংশ।

বিশ্লেষকদের ভাষ্য, অতীতে বাজারে আকস্মিক উত্থানের পর বড় ধরনের পতন প্রায় নিয়মিত ঘটনা ছিল। দীর্ঘদিনের ধারাবাহিক দরপতনের কারণে অসংখ্য বিনিয়োগকারী মূলধন হারিয়েছেন এবং বাজার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। তবে বর্তমান বাজার পরিস্থিতি সেই চিত্র থেকে ভিন্ন। এখন মূল্য কিছুটা কমলেও পরবর্তী সময়ে আরও শক্তিশালী উত্থান দেখা যাচ্ছে। এর ফলেই সাম্প্রতিক সময়ে সূচক ও লেনদেন—উভয়ই উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছেছে।

তাদের প্রত্যাশা, বৃহস্পতিবারের এই সাময়িক সংশোধনের পর বাজার আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারে। তবে যে কোনো পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ এবং সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস সূচক ০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ দশমিক ৯২ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ দশমিক ০১ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টির দর বেড়েছে, ১৮৫টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন ১৩৪ কোটি ১১ লাখ টাকা কমেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৬০ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪১ কোটি ১৩ লাখ টাকা থেকে উল্লেখযোগ্য বেশি।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল।

এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪২ দশমিক ৪০ পয়েন্ট কমে ১৫ হাজার ৪০৭ দশমিক ৭৭ পয়েন্টে নেমে এসেছে। আগের কার্যদিবসে সূচকটি ৯৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছিল।

সর্বশেষ