ঢাকা   বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত, বিএসইসির উদ্যোগকে স্বাগত জানাল ডিএসই

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ২ জুলাই ২০২৬

সর্বশেষ

বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত, বিএসইসির উদ্যোগকে স্বাগত জানাল ডিএসই

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্তকে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সংস্থাটির মতে, এই সিদ্ধান্ত বাজার ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে সহায়ক হবে।

বৃহস্পতিবার (০২ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০ক ধারা অনুযায়ী বিএসইসি একটি আদেশ জারি করেছে। ওই আদেশের মাধ্যমে স্টক এক্সচেঞ্জগুলোকে তাদের নিজস্ব প্রবিধান ও নীতিমালার আলোকে বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে।

ডিএসইর মতে, এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারী সুরক্ষা আরও শক্তিশালী হবে, বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে এবং বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বাড়বে।

তবে ডিএসই স্পষ্ট করেছে, বিএসইসির পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমানে কার্যকর বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার অপরিবর্তিত থাকবে। ফলে নতুন ক্ষমতা কার্যকর হলেও আপাতত বাজার পরিচালনার বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আসছে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই আরও জানায়, বিএসইসির এ উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং এটিকে দেশের পুঁজিবাজারের দক্ষতা বৃদ্ধি, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের বাজার গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

সর্বশেষ