চেয়ারম্যান অপসারণের দাবিকে কেন্দ্র করে ব্যাংক ছেড়ে যাওয়া গ্রাহকদের পুনরায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নির্দিষ্ট কিছু আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই বন্ধ বা নগদায়ন করে আর্থিক ক্ষতির মুখে পড়া গ্রাহকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।সম্প্রতি ব্যাংকটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জুন থেকে ২২ জুন ২০২৬ সময়ের মধ্যে যেসব গ্রাহক এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএসএ হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউরড) বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা এই বিশেষ সুবিধার আওতায় আসবেন।
ব্যাংকটি জানিয়েছে, এসব গ্রাহক যদি আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে তাদের সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করেন, তাহলে হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের চার্জ ও খরচ মওকুফ করা হবে। একই সঙ্গে এসব হিসাবকে নিয়মিত বা চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।
বিশেষ সুবিধা গ্রহণে আগ্রহী গ্রাহকদের দ্রুত তাদের নিজ নিজ শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।
ব্যাংকটির মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে যারা মেয়াদপূর্তির আগেই হিসাব বন্ধ করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তাদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যেই এই বিশেষ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
























