ঢাকা   বুধবার ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

যুদ্ধ থামাতে ইরানের ৫ কঠোর শর্ত, চাপে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বিশেষ প্রতিবেদন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২৫ মার্চ ২০২৬

সর্বশেষ

যুদ্ধ থামাতে ইরানের ৫ কঠোর শর্ত, চাপে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচ দফা কঠোর শর্ত দিয়েছে ইরান। গত সোমবার ইসরায়েলি ও হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি টিভি চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে চলা পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরান এই শর্তগুলো উত্থাপন করেছে।

ইরানের প্রধান দাবি হলো: ভবিষ্যতে যেন আর কোনোভাবেই যুদ্ধ পুনরায় শুরু না হয়, সে বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এমন ব্যবস্থা চেয়েছে ইরান, যাতে ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত থাকে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের দাবিও জানিয়েছে তেহরান। যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।

সবচেয়ে বিতর্কিত শর্ত হিসেবে, ইরান দাবি করেছে-তাদের বিরুদ্ধে ‘শত্রুভাবাপন্ন’ বা ‘বিদ্বেষমূলক’ প্রচারে জড়িত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে তাদের হস্তান্তর করতে হবে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান আলোচনায় আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই শর্তগুলো বাস্তবায়ন করা কঠিন, তবে এগুলো তাদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করারই ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই

সর্বশেষ