ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে রোববার (১ নভেম্বর) থেকে পরিকল্পিত ৩২টি রুটের মধ্যে ছয়টিতে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হয়েছে। বাকি রুটগুলোও পর্যায়ক্রমে নতুন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চলবে। রুটগুলো হলো—
১. গাজীপুরের শিববাড়ী চৌরাস্তা থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।
২. মিরপুর চিড়িয়াখানা থেকে চুলকুটিয়া পর্যন্ত, সায়েন্সল্যাব হয়ে।
৩. মোহাম্মদপুরের বসিলার ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত, শাহবাগ ও মৎস্য ভবন হয়ে।
৪. মোহাম্মদপুরের বসিলা থেকে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও কাঁচপুর ব্রিজ পর্যন্ত, সায়েন্সল্যাব ও জিগাতলা হয়ে।
৫. মোহাম্মদপুরের ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর ব্রিজ পর্যন্ত, মিরপুর-১০ হয়ে।
৬. টঙ্গী কলেজ গেট থেকে আজিমপুরের ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত, আব্দুল্লাহপুর হয়ে।
নতুন এই রুট বিন্যাসের মাধ্যমে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে, বাসের অনিয়ন্ত্রিত চলাচল কমবে এবং যাত্রীদের ভোগান্তি ও যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
























