নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জন হয়েছে। মঙ্গলবার ভোরে বনপাড়া গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২০ জনের বেশি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, আহত ব্যক্তিদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বনপাড়া গোল চত্বর এলাকায় রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকটির সংঘর্ষ হয়।
এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানিয়েছিলেন, অতিরিক্ত গতির কারণে দুই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে পৌঁছায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিদের নাটোর জেনারেল হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদিকে, দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।























