ঢাকা   বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সাইফ পাওয়ারটেক কর্মীদের কর্মবিরতিতে ৫ ঘণ্টা অচল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ১৭ নভেম্বর ২০২৬

সর্বশেষ

সাইফ পাওয়ারটেক কর্মীদের কর্মবিরতিতে ৫ ঘণ্টা অচল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বকেয়া গ্র্যাচুইটি, সার্ভিস বেনিফিট ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে সাইফ পাওয়ারটেকের কর্মীদের কর্মবিরতিতে প্রায় পাঁচ ঘণ্টা ব্যাহত হয়েছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) বন্ধ ছিল পণ্য ওঠানো-নামানোর কাজ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বকেয়া পাওনা ও বিভিন্ন ভাতা পরিশোধের দাবিতে সকালে মানববন্ধন ও কর্মবিরতি শুরু করেন সাইফ পাওয়ারটেকের কর্মীরা। এতে বন্দরে অবস্থানরত জাহাজ থেকে কনটেইনার খালাস ও বোঝাইয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে ব্যাহত হয় বন্দরের স্বাভাবিক কার্যক্রম।

পরে বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও আন্দোলনরত কর্মীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কর্মীরা কাজে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তা ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড বর্তমানে অস্থায়ী ভিত্তিতে এনসিটি পরিচালনা করছে। টার্মিনালটির সাবেক বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মী ও স্টাফদের নিয়োজিত করেই পরিচালিত হচ্ছে কার্যক্রম।

অন্যদিকে, সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় বছরের চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়েছে। তবে অস্থায়ীভাবে আরও তিন সপ্তাহ বাড়িয়ে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

এর আগে সাইফ পাওয়ারটেককে কর্মীদের সব বকেয়া পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। তবে দাবি পূরণ না হওয়ায় কর্মীদের এই কর্মবিরতির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাইফ পাওয়ারটেকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ