ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

উৎপাদন বন্ধ, আয় শূন্য; জিবিবি পাওয়ারের হিসাব নিয়ে নিরীক্ষকের গুরুতর আপত্তি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ২৮ নভেম্বর ২০২৬

উৎপাদন বন্ধ, আয় শূন্য; জিবিবি পাওয়ারের হিসাব নিয়ে নিরীক্ষকের গুরুতর আপত্তি

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, টানা তিন বছর ধরে রাজস্ব আয় নেই, অথচ কারখানা ও যন্ত্রপাতির অবচয়ও দেখানো হচ্ছে শূন্য শতাংশ! শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের ২০২৬ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন একাধিক অসংগতি ও ঝুঁকির বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক। শুধু হিসাবের অসংগতিই নয়, কোম্পানিটি ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিরীক্ষকের প্রতিবেদনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এর একটি হলো, চলমান প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটির টিকে থাকা নিয়ে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা বা ‘ম্যাটেরিয়াল আনসার্টেনটি রিলেটিং টু গোয়িং কনসার্ন’। অন্যটি হলো, বিশেষ গুরুত্বারোপ বা ‘এমফাসিস অব ম্যাটার’।

নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, কোম্পানিটির বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য যৌথ উদ্যোগের চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়েছে। এরপর থেকে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজস্ব আয়ও। ফলে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে উল্লেখযোগ্য সংশয় তৈরি হয়েছে।

তবে এখানেই শেষ নয়। কোম্পানির স্থায়ী সম্পদ, বিশেষ করে কারখানা ও যন্ত্রপাতির অবচয় হিসাব নিয়েও আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। তাঁর মতে, অচল সম্পদের ক্ষেত্রে শূন্য শতাংশ অবচয় প্রয়োগের পদ্ধতি আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চুক্তির মেয়াদ শেষ, বন্ধ বিদ্যুৎ উৎপাদন

কোম্পানিটির আর্থিক বিবরণীর নোট অনুযায়ী, জিবিবি পাওয়ার লিমিটেড ২০০৬ সালের ১৭ অক্টোবর শেয়ার দ্বারা সীমিত প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুমোদনে জিবিবি পাওয়ার ও ক্যালেডোনিয়ান পাওয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে বগুড়ায় ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। প্রকল্পটির সক্ষমতায় ১০ শতাংশ কম-বেশি হওয়ার সুযোগ ছিল। ভাড়াভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ ছিল ১৫ বছর, যা ২০২৩ সালের ১৭ জুন শেষ হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষের ধারণা, সরকারের জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তন না এলে বিপিডিবির সঙ্গে আলোচনার মাধ্যমে ‘নো পাওয়ার, নো পে’ নীতিতে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ বাড়ানো হতে পারে। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সক্ষমতা থাকলেও উৎপাদন ও বিক্রি শূন্য

আর্থিক প্রতিবেদনে বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুমোদিত সক্ষমতা ২২ দশমিক ৮০ মেগাওয়াট। পিপিএ অনুযায়ী নিট বিক্রয়যোগ্য সক্ষমতা ২০ মেগাওয়াট, যার সঙ্গে ১০ শতাংশ কম-বেশি হওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, বিদ্যুৎকেন্দ্রটির স্থাপিত ও কমিশনপ্রাপ্ত সক্ষমতা ২৩ দশমিক ২৬ মেগাওয়াট করে। তবে কেন্দ্রটির নির্ভরযোগ্য সক্ষমতা পরীক্ষা (ডিপেন্ডেবল ক্যাপাসিটি টেস্ট—ডিসিটি) করা হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৮ অক্টোবর থেকে ২০২৩ সালের ১৭ জুন পর্যন্ত ২১ দশমিক ৯৫৬ মেগাওয়াট সক্ষমতা ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়েও মোট বিদ্যুৎ উৎপাদন এবং ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিক্রি করা বিদ্যুতের পরিমাণ ছিল শূন্য।

টানা দুই অর্থবছর বিক্রয় আয় শূন্য

কোম্পানিটির আর্থিক বিবরণীর ৩৩ নম্বর নোটে দেখা যায়, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে জিবিবি পাওয়ারের টার্নওভার বা বিক্রয় আয় ছিল শূন্য টাকা। আগের অর্থবছর, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরেও কোনো বিক্রয় আয় হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো বন্ধ রয়েছে। এ কারণেই কোম্পানিটির রাজস্ব আয় বন্ধ হয়ে গেছে।

অর্থাৎ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও বিক্রয় কার্যক্রম বন্ধ থাকায় কোম্পানিটি বর্তমানে মূল ব্যবসা থেকে কোনো আয় করতে পারছে না।

যন্ত্রপাতির অবচয় শূন্য শতাংশ, নিরীক্ষকের আপত্তি

জিবিবি পাওয়ারের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়ী সম্পদের অবচয় হিসাবের পদ্ধতি।

আর্থিক বিবরণীর ৫ নম্বর নোটে বলা হয়েছে, কোম্পানির সম্পত্তি, কারখানা ও যন্ত্রপাতি আন্তর্জাতিক হিসাবমান আইএএস ১৬ অনুযায়ী ক্রয়মূল্য থেকে সঞ্চিত অবচয় বাদ দিয়ে দেখানো হয়। সম্পদ ব্যবহারের জন্য প্রস্তুত হওয়ার পর থেকে অবচয় হিসাব করা হয়। অন্যান্য স্থায়ী সম্পদের ক্ষেত্রে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অনুসরণ করা হয়।

কোম্পানির অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী উৎপাদন ব্যয়ের ৯৯ শতাংশ এবং প্রশাসনিক ব্যয়ের ১ শতাংশ অবচয় হিসেবে হিসাব করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যয় চলতি খরচ হিসেবে দেখানো হয়। তবে বড় ধরনের প্রতিস্থাপন, নবায়ন ও উন্নয়নমূলক ব্যয় মূলধনী ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সম্পদের শ্রেণিভেদে কোম্পানিটির নির্ধারিত অবচয়ের হার হলো—

স্থায়ী সম্পদের ধরন

অবচয়ের হার

ভবন ও স্থাপনা

২.৫%

কারখানা ও যন্ত্রপাতি

০%

সরঞ্জাম

০%

আসবাবপত্র ও ফিটিংস

২০%

নির্মাণকাজ

৫%

শাটারিং সামগ্রী

২০%

অফিস সরঞ্জাম

২০%

অফিসের গাড়ি

২০%

নিরীক্ষকের আপত্তির মূল জায়গা হলো, বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানি কারখানা ও যন্ত্রপাতি এবং সরঞ্জামের ক্ষেত্রে শূন্য শতাংশ অবচয় প্রয়োগ করছে।

নিরীক্ষক উল্লেখ করেছেন, আন্তর্জাতিক হিসাবমান আইএএস ১৬-এর ৫৫ অনুচ্ছেদ অনুযায়ী সম্পদ ব্যবহার না করলেই সাধারণভাবে অবচয় বন্ধ করা যায় না। ফলে কোম্পানির এই হিসাব পদ্ধতি আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া অচল সম্পদের বিষয়ে আর্থিক বিবরণীর নোটে প্রয়োজনীয় তথ্য প্রকাশের জন্য আইএএস ১৬-এর ৭৯ অনুচ্ছেদ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

সহযোগী প্রতিষ্ঠানের নিরীক্ষা নিয়েও বিশেষ গুরুত্বারোপ

জিবিবি পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান জিবিবি টি এস্টেট লিমিটেডের বিধিবদ্ধ নিরীক্ষা প্রতিবেদন সম্পর্কেও বিশেষ গুরুত্বারোপ করেছেন নিরীক্ষক। প্রতিষ্ঠানটির নিরীক্ষা সম্পন্ন করেছে এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

এ ছাড়া অতীতে অবাস্তবায়িত মুনাফা বা লোকসান সরাসরি সংরক্ষিত আয় (রিটেইনড আর্নিংস) খাতে অন্তর্ভুক্ত করার বিষয়টিও নিরীক্ষকের প্রতিবেদনে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

আয় নেই, তবু বছরে প্রায় ২ কোটি টাকা বেতন-ভাতা

কোম্পানিটির আর্থিক বিবরণীতে জনবল ও পরিচালন ব্যয়ের তথ্যও উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জিবিবি পাওয়ারের বেতনভুক্ত জনবলে রয়েছেন ১২ জন কর্মকর্তা এবং ১৮ জন কর্মচারী ও কারিগরি কর্মী। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী নৈমিত্তিক ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন ও ভাতা বাবদ ব্যয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৩১৪ টাকা। অন্যদিকে, তিনজন নৈমিত্তিক কর্মীর বেতন, মজুরি ও ভাতা বাবদ ব্যয় হয়েছে ১২ লাখ ৪৮ হাজার টাকা।

সব মিলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, মজুরি ও ভাতা বাবদ কোম্পানিটির মোট ব্যয় হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার ৩১৪ টাকা।

কোম্পানিটির প্রধান ব্যবসায়িক কার্যক্রম বগুড়ার পুরান বগুড়ায় অবস্থিত জিবিবি পাওয়ার কমপ্লেক্স, বিপিডিবি কম্পাউন্ডে পরিচালিত হয়। আর করপোরেট কার্যালয় ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির পঞ্চম তলায় মমতাজ প্লাজায় অবস্থিত।

কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন স্বাক্ষর করেছেন কাজী জহির খান অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার মোহাম্মদ আলমগীর কবির, এফসিএ।

বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?

জিবিবি পাওয়ারের আর্থিক প্রতিবেদনে তিনটি বিষয় বিশেষভাবে উদ্বেগের—বিদ্যুৎ উৎপাদন বন্ধ, মূল ব্যবসা থেকে রাজস্ব আয় না থাকা এবং স্থায়ী সম্পদের অবচয় হিসাব নিয়ে নিরীক্ষকের আপত্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে চলমান প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটির ভবিষ্যৎ টিকে থাকার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা।

বিশেষ করে বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়ন না হলে কোম্পানিটির মূল ব্যবসা কীভাবে আবার চালু হবে, সেটি বড় প্রশ্ন। পাশাপাশি অচল বিদ্যুৎকেন্দ্রের সম্পদের প্রকৃত মূল্য এবং ভবিষ্যৎ আয় সৃষ্টির সক্ষমতাও বিনিয়োগকারীদের বিবেচনায় নেওয়া প্রয়োজন।