ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

রেনাটার মুনাফায় ৩৭% প্রবৃদ্ধি, নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৭৪%

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

রেনাটার মুনাফায় ৩৭% প্রবৃদ্ধি, নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৭৪%

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। একই সঙ্গে শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। রাজস্ব আয় বৃদ্ধি, নিট অর্থায়ন ব্যয় কমে যাওয়া এবং কার্যকরী মূলধনের দক্ষ ব্যবস্থাপনাকে এই উন্নতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে রেনাটা।

ইপিএস বেড়েছে ৩৭ শতাংশ

কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৭ পয়সা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ।

কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, গ্রুপের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়ার কারণে শেয়ারপ্রতি আয়েও এই প্রবৃদ্ধি হয়েছে। মূলত রাজস্ব আয় বৃদ্ধি এবং নিট অর্থায়ন ব্যয় কমে যাওয়ায় মুনাফা বেড়েছে।

এ ছাড়া মূলধন পুনর্গঠনসংক্রান্ত উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও সুদের হারের ঝুঁকি সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনার ফলে অর্থায়ন ব্যয় কমেছে। বছরওয়ারি সাধারণ শেয়ারের সংখ্যা অপরিবর্তিত থাকায় নিট মুনাফা বৃদ্ধির ইতিবাচক প্রভাব সরাসরি শেয়ারপ্রতি আয়ে পড়েছে।

পরিচালন নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৭৪ শতাংশ

মুনাফার পাশাপাশি কোম্পানিটির পরিচালন নগদ অর্থপ্রবাহেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২১ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৬২ পয়সা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ বেড়েছে ৯ টাকা ৩৬ পয়সা বা প্রায় ৭৪ শতাংশ।

কোম্পানিটি জানিয়েছে, পরিচালন মুনাফা বৃদ্ধি এবং কার্যকরী মূলধনের অনুকূল পরিবর্তনের কারণে নগদ অর্থপ্রবাহে এই উন্নতি হয়েছে।

বিশেষ করে মজুত পণ্যে আটকে থাকা নগদ অর্থের পরিমাণ কমে যাওয়া এবং বাণিজ্যিক ও অন্যান্য প্রদেয় হিসাবের ইতিবাচক পরিবর্তন নগদ অর্থপ্রবাহ বাড়াতে ভূমিকা রেখেছে। তবে বাণিজ্যিক ও অন্যান্য প্রাপ্য হিসাবে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় এই সুবিধার কিছুটা সমন্বয় হয়েছে।

শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে ১০ টাকা

এদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (এনএভি) উন্নতি হয়েছে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরের ৩০ জুন শেষে যা ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।

অর্থাৎ তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১০ টাকা ১২ পয়সা।

সব মিলিয়ে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে রেনাটার আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। আয় বৃদ্ধি, অর্থায়ন ব্যয় হ্রাস এবং কার্যকরী মূলধনের উন্নত ব্যবস্থাপনা কোম্পানিটির মুনাফা ও নগদ অর্থপ্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সর্বশেষ