সংবাদপত্র ও অনলাইন পোর্টালে প্রকাশিত সাম্প্রতিক সংবাদ এবং এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা তলবের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগ। কোম্পানিটি জানিয়েছে, গত দুই বছর সরকারি দরপত্রের মাধ্যমে পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় নগদ প্রবাহে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এর ফলে ব্যাংকঋণের সুদ পরিশোধেও বিলম্ব হয়েছে।
ডিএসইর মাধ্যমে গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদসংক্রান্ত ব্যাখ্যা এবং ১৩ অক্টোবর জারি করা পরবর্তী অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এসব তথ্য জানিয়েছে।
কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, টেকনো ড্রাগ মূলত ওষুধসামগ্রী উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত। বিশেষ করে জন্মনিয়ন্ত্রণসামগ্রী উৎপাদন ও সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। এসব পণ্য ঐতিহাসিকভাবে সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়।
তবে গত দুই বছর সরকারি দরপত্রের মাধ্যমে পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় কোম্পানিটির নগদ প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে ব্যাংকঋণের সুদ পরিশোধে, যার ফলে সুদ পরিশোধে বিলম্ব ঘটেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
টেকনো ড্রাগের তথ্যমতে, ব্যাংকঋণের বিপরীতে মোট ২১ কোটি ৭৮ লাখ টাকা সুদ পরিশোধযোগ্য ছিল। এর মধ্যে ইতোমধ্যে ৮ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ফলে এখনো ১২ কোটি ৯৮ লাখ টাকা সুদ বকেয়া রয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট পর্যায়ে ব্যাংক ঋণ আদায়ের জন্য নিলামপ্রক্রিয়া শুরু করেছে—এমন তথ্য কোম্পানিটি আগে অবগত ছিল না বলেও ব্যাখ্যায় উল্লেখ করেছে।
এ ছাড়া সংবাদ প্রকাশের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ না করার বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল বলে জানিয়েছে টেকনো ড্রাগ।






















