ঢাকা   সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সুজুকির মোটরসাইকেল নির্মাতা রানকন আসছে শেয়ারবাজারে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুজুকির মোটরসাইকেল নির্মাতা রানকন আসছে শেয়ারবাজারে

বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক রানকন মোটর বাইকস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে করপোরেট ও ক্যাপিটাল মার্কেটবিষয়ক পরামর্শক এবং ইস্যু ম্যানেজার নিয়োগে পৃথক চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

চুক্তি অনুযায়ী, লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেড (এলসিএএল) রানকন মোটর বাইকসকে করপোরেট ও ক্যাপিটাল মার্কেটসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। আর সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড প্রস্তাবিত তালিকাভুক্তির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

বুধবার ঢাকার তেজগাঁওয়ের র‌্যাংস বাবিলোনিয়ায় এ চুক্তি স্বাক্ষর হয়। রানকন মোটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী এবং লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের নির্বাহী পরিচালক এরশাদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট ইস্যু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সূত্রের তথ্য অনুযায়ী, রানকন মোটর বাইকস সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য আবেদন করতে পারে। তবে চূড়ান্ত পদ্ধতি ও তালিকাভুক্তির বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষ।

রানকন মোটর বাইকস তালিকাভুক্ত হলে দেশের শেয়ারবাজারে মোটরসাইকেল উৎপাদন খাতের একটি নতুন প্রতিষ্ঠান যুক্ত হবে। এর আগে মোটরসাইকেল ও থ্রি-হুইলার উৎপাদনকারী রানার অটোমোবাইলস ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

সুজুকির বাজার হিস্যা ২০ শতাংশ

লায়ন সিটি অ্যাডভাইজরির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের মোটরসাইকেল বাজারে সুজুকি ব্র্যান্ডের বাজার হিস্যা ছিল প্রায় ২০ শতাংশ। ওই মাস পর্যন্ত দেশে মোট ৪০ হাজার ৫১৪টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। এর মধ্যে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ৮ হাজার ২১৫টি।

বাংলাদেশে সুজুকি মোটরসাইকেলের অনুমোদিত প্রস্তুতকারক ও একমাত্র দেশীয় পরিবেশক হিসেবে কাজ করছে রানকন মোটর বাইকস। শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি মূলধনবাজারে নিজেদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থ সংগ্রহের সুযোগ তৈরি করতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রানকন মোটর বাইকসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আহসান হাকিম, ফারহানা করিম, ইমরান জামান খান ও আবু জাফর সিদ্দিকী উপস্থিত ছিলেন। লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের পক্ষে আবদুল্লাহ আল ফয়সালসহ অন্য কর্মকর্তারা এবং সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টের পক্ষে রাবিউল হোসাইন উপস্থিত ছিলেন।