ঢাকা   বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন ইস্যুতে ডিএসইর ব্যাখ্যা চাইল বিএসইসি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২৯ জুলাই ২০২৬

সর্বশেষ

মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন ইস্যুতে ডিএসইর ব্যাখ্যা চাইল বিএসইসি

স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের প্রক্রিয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিধিমালা যথাযথভাবে অনুসরণ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কারণে পুরো বিষয়টির ব্যাখ্যা চেয়ে ডিএসইকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্প্রতি অনুষ্ঠিত বিএসইসির ১,০২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা শেষে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোনার্ক হোল্ডিংসের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের জন্য ডিএসই যে সুপারিশ কমিশনের কাছে পাঠিয়েছিল, তা পর্যালোচনা করে দেখা যায়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’ প্রয়োজনীয় তথ্য দিয়ে সম্পূর্ণভাবে পূরণ করা হয়নি। এরপরও ডিএসই নবায়নের পক্ষে ইতিবাচক মতামত দিয়েছে, যা কমিশনের মতে বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এক্সচেঞ্জের নিয়ন্ত্রক দায়িত্ব পালনে ঘাটতির ইঙ্গিত বহন করে।

এ অসঙ্গতি নজরে আসার পর বিএসইসি ডিএসইর কাছে ব্যাখ্যা চায়। জবাবে ডিএসই পরবর্তীতে ফরম ‘ছ’ পূরণ করে প্রয়োজনীয় তথ্য কমিশনে জমা দিলেও, নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুস্পষ্ট নিয়ন্ত্রক সুপারিশ দেয়নি।

এ পরিস্থিতিতে ডিএসই কেন বিধিমালার আলোকে নির্দিষ্ট মতামত দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে ব্যাখ্যা সংক্রান্ত চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে স্পষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মোনার্ক হোল্ডিংসের মালিকানার কাঠামো অনুযায়ী, প্রতিষ্ঠানটির ৩৩ শতাংশ করে শেয়ার রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, কাজী সাদিয়া হাসান এবং জাবেদ এ মতিনের নামে। এছাড়া অবশিষ্ট ১ শতাংশ শেয়ার রয়েছে আবুল কালাম মাতবরের কাছে।

প্রতিষ্ঠানটির কয়েকজন উদ্যোক্তার বিরুদ্ধে অতীতে শেয়ার কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। কমিশনের পক্ষ থেকে তাদের কয়েকজনকে বাজার কারসাজির দায়ে উল্লেখযোগ্য অঙ্কের জরিমানাও করা হয়েছিল। তবে নিবন্ধন সনদ নবায়নের সময় জমা দেওয়া ফরম ‘ছ’-এ এসব জরিমানার তথ্য উল্লেখ করা হয়নি বলে বিএসইসির পর্যবেক্ষণে উঠে এসেছে।

কমিশনের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে আরোপিত জরিমানার তথ্য বাদ রেখেই ডিএসই মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়নের পক্ষে সুপারিশ করেছিল। পরে বিএসইসি এ বিষয়ে ব্যাখ্যা চাইলে ডিএসই সংশোধিত তথ্য ও প্রয়োজনীয় বিবরণ কমিশনের কাছে পাঠায়।

উল্লেখ্য, জাবেদ এ মতিন ও ক্রিকেটার সাকিব আল হাসানকে বিতর্কিত বিনিয়োগকারী মো. আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া কাজী সাদিয়া হাসান সাকিব আল হাসানের স্ত্রী এবং আবুল কালাম মাতবর তার পিতা।

সর্বশেষ