ঢাকা   মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আমানত ফেরত কবে? রোডম্যাপ চান গ্রাহকরা

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ২১ জুলাই ২০২৬

আমানত ফেরত কবে? রোডম্যাপ চান গ্রাহকরা

সচিবালয়ের দিকে যাচ্ছেন আমানতকারীরা

হেয়ারকাট ব্যবস্থা দ্রুত বাতিলের প্রজ্ঞাপন জারি, মেয়াদোত্তীর্ণ সব এফডিআর-ডিপিএসসহ আমানত মুনাফাসহ ফেরতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীন একীভূত পাঁচ ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। একই সঙ্গে গভর্নর, ব্যাংকের চেয়ারম্যান ও নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের হস্তক্ষেপে দ্রুত আমানত ফেরতের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন আমানতকারীরা। পরে তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে বলা হয়, গত ৮ জুলাই জাতীয় সংসদে বাজেট আলোচনায় আমানতের ওপর ঘোষিত ‘হেয়ারকাট’ বাতিলের ঘোষণা দেওয়া হলেও এখনো তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি আমানতের মুনাফা পুনর্নির্ধারণের প্রস্তাবও বাতিল করে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়েছে।

আমানতকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে তারা নিজেদের জমা অর্থ তুলতে পারছেন না। এতে চিকিৎসা, সন্তানের শিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

তারা আরও দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে দ্রুত আমানত ফেরতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। একই সঙ্গে ‘হেয়ারকাট’ হিসেবে প্রোভিশন করা অর্থও সম্পূর্ণভাবে আমানতকারীদের ফেরত দেওয়ার দাবি জানান তারা।

স্মারকলিপিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়ন হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং তারা আবারও স্বাভাবিকভাবে ব্যাংকটির সঙ্গে লেনদেন করবেন।

আন্দোলনকারীদের ভাষ্য, সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন প্রায় ৭৬ লাখ গ্রাহক ও তাদের প্রায় তিন কোটি পরিবারের স্বার্থ এই ইস্যুর সঙ্গে জড়িত। তাই সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।