পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে একই দিনে শেয়ার কেনা ও বিক্রির (ইন্ট্রাডে ট্রেডিং) ব্যবস্থা চালুর নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে বিনিয়োগকারীরা একই কার্যদিবসে একটি শেয়ার কিনে আবার সেটি বিক্রি করতে পারবেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১,০২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারকে আরও আধুনিক, দক্ষ ও গতিশীল করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নীতিগত সম্মতি দেওয়া হয়েছে।
তবে এ সুবিধা সঙ্গে সঙ্গে চালু হচ্ছে না। প্রথমে দুই স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো, সফটওয়্যার, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এসব শর্ত পূরণ হওয়ার পরই তারা একই দিনে শেয়ার কেনা-বেচার এই সুবিধা চালু করতে পারবে।
বর্তমানে একজন বিনিয়োগকারী শেয়ার কেনার পর নির্ধারিত নিষ্পত্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা বিক্রি করতে পারেন না। কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং চালু হলে একই কার্যদিবসেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে। এতে বাজারে লেনদেন বাড়বে, তারল্য বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের জন্য লেনদেন আরও সহজ ও গতিশীল হবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।






















