ঢাকা   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

২ বছর পর রয়্যাল ফুটওয়্যারকে শেয়ার ইস্যুর  অনুমোদন দিল বিএসইসি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫৫, ১৪ জুলাই ২০২৬

২ বছর পর রয়্যাল ফুটওয়্যারকে শেয়ার ইস্যুর  অনুমোদন দিল বিএসইসি

প্রায় দুই বছর পর যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যুর (কিউআইও) কোনো প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রক্রিয়ায় রয়্যাল ফুটওয়্যার পিএলসি বাজার থেকে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমতি পেয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১,০২০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর এটিই কিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহের প্রথম অনুমোদন।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে। এর মাধ্যমে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করা হবে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, শতভাগ রপ্তানিমুখী এই জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতার কাছে পণ্য সরবরাহ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা খুচরা বিক্রেতা রস-এর জন্যও জুতা উৎপাদন ও রপ্তানি করে প্রতিষ্ঠানটি।

সংগৃহীত অর্থের একটি অংশ ব্যাংকঋণ পরিশোধে, কাঁচামাল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়ে এবং অবশিষ্ট অংশ শেয়ার ইস্যু-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ২৭ টাকা ৫৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ১৫ টাকা ৭৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮২ পয়সা।

এই শেয়ার ইস্যুর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। পাশাপাশি প্রতিষ্ঠানটি ইসি সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে শেয়ার বিক্রয়ের নিশ্চয়তাদানকারী (আন্ডাররাইটার) হিসেবেও দায়িত্ব পালন করবে।

এদিকে একই সভায় পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে **বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫**-এর সংশোধনী খসড়াও অনুমোদন করেছে কমিশন।