ঢাকা   মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাজী ফুড, অলিভ, ডেকো ও ফ্রেশ গার্ডেনের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২০ জুলাই ২০২৬

কাজী ফুড, অলিভ, ডেকো ও ফ্রেশ গার্ডেনের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

কাজী ফুড, অলিভ বাংলাদেশ, ডেকো ফুডস ও ফ্রেশ গার্ডেন—চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্যে ধরা পড়েছে বড় ধরনের মানগত ত্রুটি। কোথাও মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, কোথাও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুজীব, আবার কোনো পণ্যে নির্ধারিত মানের তুলনায় কম পাওয়া গেছে গুরুত্বপূর্ণ উপাদান। এসব কারণে পণ্যগুলো বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিমে বাংলাদেশ মানের তুলনায় টোটাল মিল্ক সলিড নন-ফ্যাটের পরিমাণ বেশি পাওয়া যায়।

অন্যদিকে, অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন এবং বিভিন্ন ফেসওয়াশ ও শ্যাম্পুর ভ্যারিয়েন্টে মানবদেহের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এ ছাড়া ডেকো ফুডস লিমিটেডের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাংগো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানের তুলনায় ভিটামিন ‘সি’র পরিমাণ কম পাওয়া গেছে।

বিএসটিআই জানিয়েছে, পরীক্ষায় অকৃতকার্য এসব পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেওয়া হয়েছে। লাইসেন্স নবায়ন বা অনুমোদন না পাওয়া পর্যন্ত পণ্যগুলোর উৎপাদন, বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে এসব পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা, তা তদারকি করবে বিএসটিআই।

বিএসটিআই আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনগণ যাতে মানসম্মত পণ্য কিনতে পারে, সে বিষয়ে বিএসটিআই প্রতিশ্রুতিবদ্ধ। পণ্য কেনার আগে বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

অর্থাৎ, বাজারে থাকা এসব ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট কেনার আগে এখন ভোক্তাদেরও বাড়তি সতর্ক থাকতে হবে।