ঢাকা   মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ঈদের আমেজে খুলেছে ব্যাংক

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ২৪ মার্চ ২০২৬

ঈদের আমেজে খুলেছে ব্যাংক

এক সপ্তাহর ছুটি শেষে ব্যাংক খুলেছে ঈদের আমেজেই। মঙ্গলবার বেলা ১০টায় ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হয়।

এ সপ্তাহের শেষ দিন স্বাধীনতা দিবসের ছুটি থাকায় আগের দুই দিন ছুটি নিয়ে অবকাশের সময় দীর্ঘ করেছেন অনেকেই। এ কারণে ঈদের পর প্রথম কার্যদিবসে ব্যাংকারদের উপস্থিতি তুলনামূলক কম।

স্বাভাবিক সময়ের নিয়মে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর দাপ্তরিক কার্যক্রমের জন্য খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। অন্যদিকে পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ব্যাংকাররা। আর গ্রাহকরাও ব্যাংক কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করে সারছেন প্রয়োজনীয় কাজ।

কেন্দ্রীয় ব্যাংকেও ঈদের আমেজ দেখা গেছে। বেলা ১০টার দিকে গভর্নর মোস্তাকুর রহমান প্রধান কার্যালয়ে আসেন। এ দিনে কর্মকর্তাদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছেন। যারা এসেছেন, তাদের বেশিরভাগই পরেছেন পাঞ্জাবি কিংবা ঈদের নতুন পোশাক।

সহকর্মীদের জন্য অনেকেই ঘরে তৈরি মিষ্টি, ফিরনিসহ মুখরোচক খাবার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

ব্যাংকাররা বলছেন, পুরো দমে কজের গতি আসবে আগামী সপ্তাহে।

সোনালী ব্যাংকের মতিঝিল স্থানীয় শাখার ব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ‘‘কিছু কর্মকর্তা ছুটিতে আছে, কিন্তু সবগুলো কাউন্টার খোলা। লেনদেন সার্ভিসে কোনো সমস্যা নেই।

“বিকল্প জনবল দিয়ে চালানো হচ্ছে। প্রথম দিনে এমনিতেই একটু চাপ কম থাকবে, জরুরি ছাড়া কেউ চেক ভাঙাতে আসে না।”

ডিএসইতে সূচকের পতন

ঈদের পর প্রথম দিনে সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

প্রথম ঘণ্টায় ৫৫ সূচক পড়ে, শেয়ার হাতবদল হয় ১৪৮ কোটি টাকার। এ সময়ে মাত্র ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ে, কমে যায় ২৫৩টির ও আগের দরে হাতবদল হয় ৪৩টির।

ঈদের আগের সবশেষ লেনদেনে সূচক ছিল ৫ হাজার ৩৫৩ পয়েন্ট।