ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উত্তেজনা উসকে দেওয়ার পাশাপাশি ইরানের সামরিক সক্ষমতা ও ভূরাজনৈতিক কৌশল নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের একটি মাঝপথেই ভেঙে পড়ে এবং অন্যটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে লক্ষ্যভেদ না হলেও এই হামলার প্রচেষ্টা বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে নতুন ঝুঁকির ইঙ্গিত দিয়েছে বলে বিশ্লেষকদের মত।
দিয়েগো গার্সিয়া, যা যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ, ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। এত দিন ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা দুই হাজার কিলোমিটার বলে দাবি করে এলেও সাম্প্রতিক এই হামলার মাধ্যমে সেই সীমা নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান হয়তো অপ্রকাশিত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে অথবা পরীক্ষামূলকভাবে নতুন প্রযুক্তি প্রয়োগ করেছে।
ধারণা করা হচ্ছে, ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইআরবিএম) কাছাকাছি সক্ষমতা রাখে। এই ধরনের অস্ত্র ভারত মহাসাগরের গভীর অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, নিজেদের প্রকৃত সক্ষমতা নিয়ে ধোঁয়াশা তৈরি করে ইরান প্রতিপক্ষের কৌশলগত পরিকল্পনাকে জটিল করে তুলছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ‘কৌশলগত অস্পষ্টতা’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলকে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পুনর্মূল্যায়ন করতে হতে পারে।
দিয়েগো গার্সিয়া কেবল একটি সামরিক ঘাঁটি নয়, বরং বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বোমারু বিমান ও নজরদারি প্ল্যাটফর্ম মোতায়েন রয়েছে, যা বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনায় ব্যবহৃত হয়। ফলে এই ঘাঁটিকে নিশানা করা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের দাবি, এই হামলার মাধ্যমে দেশটি দেখাতে চেয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শত্রুপক্ষের ধারণার চেয়েও বিস্তৃত। একই সঙ্গে এটি একটি বার্তাও—যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিই ইরানের নাগালের বাইরে নয়।
বিশ্লেষকদের মতে, দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে হামলার চেষ্টা যুদ্ধের ভৌগোলিক পরিসরকে মধ্যপ্রাচ্যের বাইরে ভারত মহাসাগর অঞ্চলে বিস্তৃত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে হতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
প্রযুক্তিগতভাবে হামলাটি সফল না হলেও রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘এসএম-৩’ ইন্টারসেপ্টর ব্যবহার করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে। যদিও এর পূর্ণ ফলাফল এখনো স্পষ্ট নয়, তবু এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে তাদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারে বাধ্য করেছে।
বিশেষজ্ঞদের মতে, যদি প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল না হয়ে থাকে, তাহলে তা প্রমাণ করে তুলনামূলক পুরোনো ব্যালিস্টিক প্রযুক্তিও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে। আর যদি সফল হয়ে থাকে, তবুও ইরান তাদের কৌশলগত উদ্দেশ্য—দূরবর্তী লক্ষ্যবস্তু হুমকির মধ্যে রয়েছে—এই বার্তা দিতে পেরেছে।
আল–জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই হামলা ইরানের দীর্ঘপাল্লার সামরিক সক্ষমতার বাস্তব চিত্র সামনে এনেছে এবং যুদ্ধের ভৌগোলিক বিস্তারকে আরও জটিল করেছে। ব্রাসেলসভিত্তিক সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার মনে করেন, যুদ্ধক্ষেত্র যত বিস্তৃত হবে, ততই উত্তেজনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে এখন নতুন করে তাদের সামরিক কৌশল ভাবতে হবে। কারণ ইরান সরাসরি শক্তির লড়াইয়ে নয়, বরং যুদ্ধের ব্যয়ের সমীকরণ বদলে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চায়। দূরবর্তী লক্ষ্যবস্তুকে হুমকির মুখে ফেলে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে—এই সংঘাত দীর্ঘায়িত হলে ঝুঁকিও ক্রমাগত বাড়বে।
























