সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। ফলে দেশটিতে রমজান মাস পূর্ণ ৩০ দিন সম্পন্ন হচ্ছে।
বুধবার গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, সৌদির চাঁদ দেখা কমিটি এদিন নিশ্চিত করেছে যে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এ কারণে ২০ মার্চ দেশজুড়ে ঈদ উদযাপন করা হবে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ রাত থেকেই এই ছুটি কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাকি বলেন, আগেভাগে ছুটি ঘোষণার ফলে প্রতিষ্ঠানগুলো সহজেই কাজের পরিকল্পনা করতে পারবে। একই সঙ্গে কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ খাত সচল রাখাও সহজ হবে।
























