ঢাকা   বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক বাজারের প্রভাবে কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৪,৪৭৪ টাকা

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩৪, ৩১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক বাজারের প্রভাবে কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৪,৪৭৪ টাকা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমেছে। নতুন দাম আজ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দরপতনের পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। এ কারণে দেশের বাজারে নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

সোনার পাশাপাশি রুপার গয়নার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

এর আগে সর্বশেষ গত শনিবার ভালো মানের এক ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছিল। আজকের দর কমানোর ফলে দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১১ হাজার ৪৮৯ টাকা কমল।