শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেডের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির শেয়ার হস্তান্তর, স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি, দীর্ঘদিন উৎপাদন বন্ধ রাখা এবং টানা চার বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করার বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে।
একই সঙ্গে কোম্পানির আর্থিক প্রতিবেদন ও শেয়ারধারণ-সংক্রান্ত তথ্য প্রকাশ না করার কারণও খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থাটি।
তদন্ত পরিচালনায় বিএসইসির যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং মোহাম্মদ আবু হেনা মোস্তফা। আদেশ জারির পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা অনুযায়ী এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করবে।
সূত্র জানায়, তদন্তে চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, কোম্পানির বর্তমান আর্থিক ও পরিচালন পরিস্থিতি এবং কারখানার উৎপাদন বন্ধ থাকার কারণ অনুসন্ধান করা হবে।
দ্বিতীয়ত, পরিচালনা পর্ষদের সদস্য ও অন্যান্য শেয়ারহোল্ডারদের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে প্রচলিত সিকিউরিটিজ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করা হবে।
তৃতীয়ত, কোম্পানির স্থাবর ও অস্থাবর সম্পদ, বিশেষ করে যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বিক্রি কিংবা হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ অনুমোদন নেওয়া হয়েছিল কি না এবং করপোরেট সুশাসন অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
চতুর্থত, টানা চার বছর এজিএম না করা এবং নিয়মিত আর্থিক তথ্য জমা না দেওয়ার ঘটনায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায় নির্ধারণ করা হবে। পাশাপাশি এসব অনিয়মের কারণে সাধারণ বিনিয়োগকারী, পাওনাদার ও কর্মীরা কী ধরনের ক্ষতির মুখে পড়েছেন, সেটিও মূল্যায়ন করা হবে।
তদন্তে আইনের কোনো ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে তদন্ত কমিটি।
উল্লেখ্য, ১৯৮৫ সালে উৎপাদন শুরু করা লিবরা ইনফিউশনস দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। রাজধানীর মিরপুরে কোম্পানিটির কারখানা অবস্থিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে চলতি মূলধনের তীব্র সংকট এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে ঋণসংক্রান্ত জটিলতায় কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিদর্শনে কোম্পানিটির প্রধান কার্যালয় ও কারখানা বন্ধ পাওয়া যায়। সে সময় কোম্পানি কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে ১৭ জুলাই থেকে পুনরায় উৎপাদন শুরুর কথা জানিয়েছিল।
কিন্তু দীর্ঘদিন ধরে কোম্পানিটির আর্থিক তথ্য প্রকাশ না করায় প্রকৃত আর্থিক ও পরিচালন পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার বিএসইসির তদন্তে কোম্পানিটির সম্পদ বিক্রি, উৎপাদন বন্ধ এবং তথ্য প্রকাশে অনিয়মের প্রকৃত চিত্র উঠে আসে কি না, সেদিকেই নজর বিনিয়োগকারীদের।
























