পুঁজিবাজারে তালিকাভুক্ত চার বহুজাতিক কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানি চারটি হলো লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
লাফার্জহোলসিম: লাফার্জহোলসিমের পর্ষদ সভা ২৯ জুলাই বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১৮ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ছিল। আলোচ্য হিসাব বছরে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা।
বার্জার পেইন্টস: বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বার্জার পেইন্টসের ইপিএস হয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৭১ টাকা ২০ পয়সা।
বাটা সু: বাটা সুর পর্ষদ সভা ২৭ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ ও ১৪৩ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে বাটা সুর ইপিএস হয়েছে ৮৫ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৭২ পয়সায়।
ম্যারিকো বাংলাদেশ: ম্যারিকো বাংলাদেশের পর্ষদ সভা ২৯ জুলাই বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে ম্যারিকোর ইপিএস হয়েছে ২০৬ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮৭ টাকা ৪৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯২ টাকা ২ পয়সায়।























